মিয়ানমারের মিকতিলা শহরে জাতিসংঘ দূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের বিশেষ দূত বিজয় নামবিয়ার মিয়ানমারের জাতিগত দাঙ্গাকবলিত মিকতিলা শহর গতকাল রোববার ঘুরে দেখেছেন। এ ছাড়া কয়েকটি আশ্রয়শিবির পরিদর্শন করেছেন। এদিকে দেশটির বৌদ্ধ ও মুসলিম নেতারা সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন।মিয়ানমারের মিকতিলা শহরে গত সপ্তাহে বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে দাঙ্গায় অন্তত ৩২ জন নিহত হয়। বহু ঘরবাড়ি ধ্বংস করা হয়। এ ঘটনায় ঘরছাড়া হয় অন্তত নয় হাজার মানুষ।মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ উপদেষ্টা বিজয় নামবিয়ার কয়েকটি অস্থায়ী আশ্রয়শিবির পরিদর্শন করেন। স্কুল, আশ্রম ও একটি খেলার মাঠে এসব শিবিরে বৌদ্ধ ও মুসলিম উভয় সম্প্রদায়ের অন্তত এক হাজার মানুষ আশ্রয় নিয়েছে। আশ্রয়শিবির পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের উদ্দেশে বিজয় বলেন, ‘আমি যা দেখেছি, এতে মনে হয়, দাঙ্গার ঘটনায় মানুষের মনে গভীর ব্যথার সৃষ্টি হয়েছে, তবে সেই তুলনায় ক্ষোভ খুব বেশি নেই। দাঙ্গার মুখে ঘরবাড়ি ফেলে আসা মানুষগুলো আবার ফিরে যেতে চায়।’স্থানীয়দের অভিযোগ, অজ্ঞাতপরিচয় বহিরাগত ব্যক্তিরা দাঙ্গা উসকে দেয়।এদিকে মিয়ানমারের বৌদ্ধ ও মুসলিম নেতারা দাঙ্গার পর এই প্রথমবারের মতো জনসমক্ষে কথা বলেছেন। তাঁরা উভয় সম্প্রদায়ের মানুষদের আইনের প্রতি শ্রদ্ধা দেখাতে এবং প্রেম ও মমতা দিয়ে সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।শহরের এক বাসিন্দা গতকাল বলেন, ‘আজ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক। মানুষজন রাস্তায় বেরিয়েছে। তবে নিরাপত্তার ব্যাপারে আতঙ্ক রয়েছে। এ ছাড়া নানা গুজব শোনা যাচ্ছে। এরপর কী ঘটবে, কেউ তা জানে না।’ এএফপি।