মিয়ানমারের রাখাইন রাজ্যে মুসলিম বসতি নিশ্চিহ্ন করা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী সিতউই শহরের মুসলিম-অধ্যুষিত সবচেয়ে বড় এলাকাটি সাম্প্রতিক সহিংসতায় নিশ্চিহ্ন করা হয়েছে। যুক্তরাজ্যের একটি টেলিভিশন চ্যানেলে প্রচারিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুক্তরাজ্যের চ্যানেল ফোর নিউজের প্রতিনিধিদল সম্প্রতি সিতউই শহরে যাওয়ার অনুমতি পায় এবং নারজি এলাকার চিত্র ধারণ করে। সেখানে প্রায় ১০ হাজার মুসলিমের আবাস ছিল। ছবিতে দেখা যায়, ওই এলাকাটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন সেখানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বিভিন্ন ধ্বংসাবশেষ কুড়িয়ে নিচ্ছে। স্থানীয় এক ব্যক্তি এ সময় দাবি করেন, রোহিঙ্গারা নিজেরাই তাদের বাড়িঘর পুড়িয়েছে। কয়েক মাস ধরে নারজি এলাকায় সাংবাদিকদের যাওয়ার সুযোগ বন্ধ ছিল। রাখাইন রাজ্যে মুসলিম ও বৌদ্ধদের মধ্যে গত মে মাসে সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়। সেখানে বৌদ্ধ সম্প্রদায়ের একজন নারী ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার হওয়ার ঘটনায় মুসলিম তিন ব্যক্তিকে দায়ী করা হয়। ওই ঘটনার জেরে সহিংসতায় ১০ জন মুসলিমকে হত্যা করা হয়। নতুন ভাইস প্রেসিডেন্ট: মিয়ানমারের নতুন ভাইস প্রেসিডেন্ট পদে গতকাল বুধবার শপথ নিয়েছেন নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নিয়ান তুন। মিয়ানমারে ভাইস প্রেসিডেন্ট হিসেবে দুজন দায়িত্ব পালন করেন। দ্বিতীয় পদে দায়িত্বরত তিন অং মিন্ট উ শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করায় তাঁর পদটি শূন্য হয়। রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, পার্লামেন্ট সদস্যরা নিয়ান তুনকে ভাইস প্রেসিডেন্টের পদে মনোনীত করেন। বিবিসি ও রয়টার্স।