মিয়ানমারের রাখাইনে ৪০ রোহিঙ্গা হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে গত সপ্তাহে কমপক্ষে ৪০ জন রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হয়েছে। নিরাপত্তা বাহিনীর সহায়তায় স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন এ গণহত্যা চালান বলে দাবি করেছেন মানবাধিকারকর্মীরা। নিহত ব্যক্তিদের মধ্যে রয়েছেন অনেক নারী ও শিশু।
গতকাল বৃহস্পতিবার বিবিসির খবরে বলা হয়েছে, মিয়ানমারের দূর-পশ্চিমের ওই রাজ্যের যে স্থানে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সেখানে প্রবেশাধিকার লাভকারী একটি আন্তর্জাতিক ত্রাণ সংস্থার কর্মকর্তারা এ দাবি করেছেন। তাঁরা বলেন, এর সপক্ষে তথ্যপ্রমাণ রয়েছে। কোনো কোনো খবরে প্রায় ৭০ জনকে হত্যা করা হয়েছে বলে উল্লেখ করা হয়।
ব্যাংককভিত্তিক ফোর্টিফাই রাইটস নামের মানবাধিকার সংগঠনটি বলেছে, পাঁচ দিন ধরে দফায় দফায় হামলা চালিয়ে এসব রোহিঙ্গা মুসলমানকে হত্যা করা হয়। তবে মিয়ানমার সরকার গণহত্যার এ দাবি জোরালোভাবে নাকচ করেছে।
সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, গত সপ্তাহে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে প্রথম কয়েকজন রোহিঙ্গাকে হত্যা করা হলে রাজ্যটিতে উত্তেজনা দেখা দেয়। সে সময় স্থানীয় এক পুলিশ সদস্য নিখোঁজ হলে এ উত্তেজনা তুঙ্গে ওঠে। তখন স্থানীয় বৌদ্ধরা নিরাপত্তা বাহিনীর সহায়তায় ডু চার ইয়ার তান গ্রাম ও এর আশপাশে রোহিঙ্গাদের ওপর প্রতিশোধমূলক ওই হত্যাযজ্ঞ চালান।
রাজ্যের মাউংদো এলাকায় গত মাসে পুলিশ ও রোহিঙ্গাদের মধ্যে সংঘটিত সংঘর্ষ নিয়ে গণমাধ্যমে নানা প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর গতকাল দেশটির সাম্প্রতিকতম সহিংসতার এ খবর বের হলো। বিবিসি ও রয়টার্স।