মিয়ানমারের শান বিদ্রোহীরা যুদ্ধ বন্ধে সম্মত
মিয়ানমারের পূর্বাঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে স্থায়ীভাবে যুদ্ধ বন্ধে সম্মত হয়েছে দেশটির জাতিগত শান বিদ্রোহীরা। দ্বিতীয় দফা আলোচনার পর তারা এ সিদ্ধান্ত নিয়েছে। গত শনিবার রাতে শান রাজ্যের রাজধানী কেংতুংয়ে মিয়ানমারের সংস্কারপন্থী সরকারের সঙ্গে জাতিগত বিচ্ছিন্নতাবাদীদের বৈঠকের পর তারা এ সম্মতি দিয়েছে।বৈঠকে থাকা মিয়ানমারের রেলমন্ত্রী অং মিন জানান, শান প্রদেশের সেনাপ্রধান ইয়াদ সের্কের সঙ্গে আলোচনায় তিনি যুদ্ধ বন্ধ ও পূর্বাঞ্চল থেকে মাদক পুরোপুরি নিয়ন্ত্রণ করার ওপর বেশ জোর দিয়েছেন। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে জাতিগত যে সংঘর্ষ হয়েছে, তা মূলত ভুল বোঝাবুঝির ফল। বিস্তারিত আলোচনার পর সেখানে আর কোনো সংঘর্ষ বা যুদ্ধ হবে না।মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সরকার বেশ কয়েকটি জাতিগত বিদ্রোহীর সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে পারলেও দেশটির উত্তরাঞ্চলে কাচিন রাজ্যে সংখ্যালঘুদের রক্তক্ষয়ী যুদ্ধ অব্যাহত আছে।মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদপত্র নিউ লাইট অব মিয়ানমার গতকাল রোববার এক খবরে প্রকাশ করেছে, গত শুক্রবার কাচিন গেরিলারা দেশটির অনেকগুলো বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলেছে। এ কারণে সারা দেশে বিদ্যুৎ সরবরাহে সমস্যা হচ্ছে। ওই এলাকায় জাতিগত সংঘর্ষের কারণে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহে প্রায়ই সমস্যা হয়। এপি।