মিয়ানমারের সংস্কার অসম্পূর্ণ রয়েছে: কেরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাজনৈতিক সংস্কার কর্মসূচি এখনো ‘অসম্পূর্ণ’ রয়ে গেছে বলে গতকাল বুধবার মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মিয়ানমারের সরকার বেশ কয়েকজন রাজবন্দীকে মুক্তি দেওয়ার এক দিন পর কেরি এ মন্তব্য করলেন।
ব্রুনাইয়ে শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাতের সময় জন কেরি বলেন, ‘আমি মনে করি, মিয়ানমারে যা ঘটছে তা উদ্দীপনাকর। তবে এটি অসম্পূর্ণ।’ আসিয়ান আঞ্চলিক শীর্ষ সম্মেলন উপলক্ষে কেরি ব্রুনাইয়ে আছেন। সেখানে তাঁর মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে বৈঠকের কথা রয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমাদের প্রত্যাশা মিয়ানমারে গণতন্ত্র বিকশিত হওয়া অব্যাহত থাকবে।’
গত মঙ্গলবার মিয়ানমার সরকার ৫৬ জন রাজনৈতিক বন্দীকে মুক্তি দেয়। এ বছর শেষ হওয়ার আগেই সব ‘বিবেকের বন্দীকে’ ছেড়ে দেওয়ার বিষয়ে প্রেসিডেন্টের প্রতিশ্রুতির পর তাঁদেরকে মুক্তি দেওয়া হলো। এএফপি।