মিয়ানমারের সংস্কার নিয়ে অতিরিক্ত আশা নয়: সু চি
মিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী অং সান সু চি নিজ দেশের চলমান সংস্কার কর্মসূচি নিয়ে খুব বেশি আশাবাদী না হতে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেছেন, সংস্কারের মাধ্যমে মিয়ানমারে রাষ্ট্রকাঠামোয় বড় ধরনের ইতিবাচক পরিবর্তন হয়নি। পার্লামেন্ট সত্যিকারের গণতান্ত্রিক ব্যবস্থা থেকে বহু দূরে। বিচারব্যবস্থার স্বাধীনতা নিশ্চিতকরণে এখনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।গতকাল শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিশ্ব-অর্থনৈতিক ফোরামের পূর্ব এশিয়াবিষয়ক এক সম্মেলনে সু চি এসব কথা বলেন। সু চি তাঁর বক্তব্যে বলেন, ‘মিয়ানমারের জন্য কী করা উচিত, তা বলার জন্য আমি এখানে আসিনি। আমাদের কী প্রয়োজন, তা জানাতেই এখানে এসেছি।’ শান্তিতে নোবেলজয়ী সু চি তাঁর দেশে বিনিয়োগ করার জন্য বিদেশি বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান। তবে একই সঙ্গে তিনি সতর্ক করে দিয়ে বলেন, নতুন বিনিয়োগ যাতে মিয়ানমারে দুর্নীতি ও বৈষম্যের বিস্তার না ঘটায়, সে বিষয়টিও নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং যথাযথ প্রশিক্ষণের সুযোগ—মিয়ানমারের তরুণদের জন্য এ মুহূর্তে এটিই সবচেয়ে আকাঙ্ক্ষিত বিষয়।মিয়ানমারে বেকারত্বের উচ্চ হারের বিষয়টিকে ‘টাইম বোমা’র সঙ্গে তুলনা করে সু চি বলেন, অধিক সংখ্যক কর্মহীন মানুষ দেশের জন্য একটি বড় সংকট। তিনি বলেন, ‘আমাদের মৌলিক দক্ষতার ওপর বেশি গুরুত্ব দিতে হবে। উচ্চশিক্ষার চেয়েও কারিগরি শিক্ষায় প্রশিক্ষিত তরুণ মিয়ানমারের বেশি প্রয়োজন।’সু চি বলেন, যাঁরা মিয়ানমারে বিনিয়োগের পরিকল্পনা করছেন, তাঁদের জানাতে চাই—দেশের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের কথা বিবেচনায় রেখে আপনারা কাজ করবেন। ওই বিনিয়োগ যাতে জনবান্ধব হয়। তিনি বলেন, ‘দয়া করে আমাদের বিষয়টি গভীরভাবে বিবেচনায় নেবেন। বিনিয়োগের মাধ্যমে আমরা কর্মসংস্থান দেখতে চাই।’সু চি বলেন, ‘উন্নয়নের জন্য আঞ্চলিক এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে একই সঙ্গে কাজ করতে চাই আমরা। মিয়ানমার উন্নত এবং শান্তিপূর্ণ বিশ্ব নির্মাণ-প্রক্রিয়ার অংশীদার হতে চায়।’মিয়ানমারকে কেন্দ্র করে দুই বিশ্বশক্তির প্রতিযোগিতায় শঙ্কা প্রকাশ করেছেন সু চি। তিনি বলেন, কৌশলগতভাবে মিয়ানমার যথেষ্ট গুরুত্বপূর্ণ, দেশটি দরিদ্র হলেও সম্পদে ভরপুর। এ সুবিধা নিজেদের কাজে লাগাতে যুক্তরাষ্ট্র এবং চীন একে অন্যের বিরুদ্ধে মিয়ানমারকে ‘যুদ্ধক্ষেত্রে’ পরিণত করার চেষ্টা করছে। বিবিসি, এএফপি ও রয়টার্স।