দক্ষিণ-পূর্ব এশীয় ১০টি দেশের জোট আসিয়ানের নেতারা গতকাল মঙ্গলবার কম্বোডিয়ার রাজধানী নমপেনে বার্ষিক শীর্ষ সম্মেলনে মিলিত হয়েছেন। মিয়ানমারের ঐতিহাসিক সংস্কার কর্মসূচি, উত্তর কোরিয়ার দূরপাল্লার রকেট-উৎক্ষেপণ পরিকল্পনা ও চীনের সঙ্গে কৌশলগত সমুদ্রবিরোধ—এসব বিষয় এবারের সম্মেলনে বিশেষ গুরুত্ব পাচ্ছে।মিয়ানমারে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার দুই দিন পর অ্যাসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস বা আসিয়ানের এই শীর্ষ সম্মেলন শুরু হয়। ওই উপনির্বাচনের মধ্য দিয়ে মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি জয়ী হয়ে প্রথমবারের মতো পার্লামেন্টে বসতে যাচ্ছেন।আসিয়ানের বর্তমান সভাপতি রাষ্ট্র কম্বোডিয়ার নির্বাচন পর্যবেক্ষকেরা রোববারের ওই উপনির্বাচন অবাধ ও নিরপেক্ষ হয়েছে বলে ঘোষণা করেছেন। শীর্ষ সম্মেলন শুরুর আগের দিন সোমবার জোটের পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে মিয়ানমারে ‘সুশৃঙ্খলভাবে’ অনুষ্ঠিত উপনির্বাচনের প্রশংসা করেন। এর ফলে দুই দিনব্যাপী সম্মেলনের শেষ দিন আজ বুধবার জোট নেতাদের পক্ষ থেকে উপনির্বাচন জোরালো অনুমোদন পাওয়ার পথ তৈরি হলো।আসিয়ানের মহাসচিব সুরিন পিতসুওয়ান আশা প্রকাশ করে বলেন, এই নির্বাচন মিয়ানমারকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি আন্তর্জাতিক সমপ্রদায়কে আবার একত্রিত হওয়ার ক্ষেত্রে অবদান রাখবে। এ নির্বাচনকে তিনি দীর্ঘ যাত্রার কেবল প্রথম ধাপ বলেও মন্তব্য করেন।গণতন্ত্রের পথে উত্তরণে সংস্কার পদক্ষেপ গ্রহণের পুরস্কার হিসেবে গত বছরের নভেম্বরে অনুষ্ঠিত সর্বশেষ আসিয়ান শীর্ষ সম্মেলনে মিয়ানমারকে ২০১৪ সালে অনুষ্ঠেয় এই জোটের সম্মেলনে চেয়ারম্যানের দায়িত্ব পালনের প্রতিশ্রুতি দেওয়া হয়।উত্তর কোরিয়ার পরিকল্পিত রকেট-উৎক্ষেপণ কর্মসূচি ও কয়েকটি আসিয়ান সদস্য দেশের সঙ্গে চীনের সমুদ্রবিরোধের বিষয় দুটিও চলতি সম্মেলনে প্রাধান্য পাচ্ছে। উত্তর কোরিয়া তার পরিকল্পিত কর্মসূচিকে উপগ্রহ পাঠানোর একটি উদ্যোগ বলে দাবি করলেও যুক্তরাষ্ট্র ও তার মিত্র দেশগুলো একে গোপন ক্ষেপণাস্ত্র পরীক্ষার কর্মসূচি বলে অভিযোগ করছে। এএফপি।