মিয়ানমারের সুপ্রিম কোর্টের সমালোচনায়যুক্তরাষ্ট্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চির মুক্তির আবেদন প্রত্যাখ্যান করায় যুক্তরাষ্ট্র মিয়ানমারের সুপ্রিম কোর্টের তীব্র সমালোচনা করেছে। পাশাপাশি ক্ষমতাসীন ডেমোক্রেটিক পার্টির একজন প্রভাবশালী সদস্য সু চির আটকাদেশকে ‘অন্যায্য’ বলে আখ্যায়িত করে বলেছেন, মিয়ানমারের ওপর কঠোর অবরোধ আরোপের সময় এসে গেছে। গত শুক্রবার মিয়ানমারের সর্বোচ্চ আদালত সু চির গৃহবন্দিত্বের মেয়াদ বাড়ানোর বিরুদ্ধে দায়ের করা আপিল খারিজ করে দেওয়ার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এ প্রতিক্রিয়া জানানো হয়। এএফপি।যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, তারা সুপ্রিম কোর্টের এই রায়ের তীব্র নিন্দা জানাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মুখপাত্র বলেন, শুধু ‘রাজনৈতিক কারণে’ সু চিকে বছরের পর বছর গৃহবন্দী করে রাখা হয়েছে। অন্যদিকে মার্কিন প্রতিনিধি পরিষদের প্রভাবশালী ডেমোক্র্যাট সদস্য জো ক্রাউলি বলেছেন, মিয়ানমারের ক্ষমতাসীন এ সরকারের ওপর কড়া অবরোধ আরোপের সময় এসে গেছে। তিনি বলেন, রাজনৈতিক কারণে ১৪টি বছর সু চিকে গৃহবন্দী করে রাখা হয়েছে। এএফপি।