মুক্তবাণিজ্য গড়ে তোলা ও বাল্যবিবাহ রোধে ইশতেহার ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদস্য দেশগুলোর মধ্যে মুক্তবাণিজ্য গড়ে তোলা এবং জোরপূর্বক ও বাল্যবিবাহ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণসহ বিভিন্ন বিষয়ে ইশতেহার ঘোষণার মধ্য দিয়ে গতকাল রোববার শেষ হয়েছে ৫৪ জাতির কমনওয়েলথ সম্মেলন। গত শুক্রবার অস্ট্রেলিয়ার পার্থে তিন দিনব্যাপী ওই সম্মেলনের উদ্বোধন করা হয়। এটা ছিল সংস্থাটির ২১তম সম্মেলন।কমনওয়েলথভুক্ত রাষ্ট্রের নেতারা গতকাল বিশ্ব অর্থনীতিতে নবজীবন সঞ্চার করতে চাকরির ক্ষেত্র তৈরি এবং মুক্তবাণিজ্যব্যবস্থা গড়ে তুলতে জি-২০ ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। উন্নত দেশগুলোর জোট জি-২০ বিশ্ব অর্থনীতির ৮৫ ভাগের প্রতিনিধিত্ব করে থাকে। জোটটি এ সপ্তাহেই ফ্রান্সে বৈঠকে বসছে। বিশ্ব অর্থনীতির সংকট মোকাবিলায় শক্ত পদক্ষেপ নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন গ্রুপটির নেতারা। কমনওয়েলথভুক্ত পাঁচটি দেশ এ জি-২০ গ্রুপের সদস্য। এরা হলো: যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত এবং দক্ষিণ আফ্রিকা। পার্থে তিন দিনব্যাপী সম্মেলন শেষে সদস্য দেশগুলোর নেতারা বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে যা যা করা সম্ভব, তার সবই করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। তাঁরা বলেছেন, বিশ্ব অর্থনীতির বর্তমান টালমাটাল অবস্থা মোকাবিলা এবং মুক্তবাণিজ্য, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক নিরাপত্তা এবং বিশ্বের অর্থনৈতিক উন্নয়নে দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য সম্মেলন থেকে জি-২০ ভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানানো হয়েছে। তাঁদের বিশ্বাস, এটা বিশ্ব বাজারে প্রয়োজনীয় আস্থা ফিরিয়ে আনবে এবং বিশ্ব অর্থনীতিতে অধিকতর স্থিতিশীল অবস্থা ফিরে আসবে।ইশতেহারে কমনওয়েলথভুক্ত দেশগুলো নিজ দেশের বাজার নিয়ন্ত্রণের মানসিকতা পরিহার করে ব্যবসা-বাণিজ্য উন্মুক্ত ও স্বচ্ছ করা এবং নিয়মতান্ত্রিকতার ভিত্তিতে বহুপক্ষীয় বাণিজ্যব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে পার্থে অবস্থানরত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন গত শনিবার বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি অর্জনের পথের প্রতিবন্ধকতা দূর করতে এবং ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে সংরক্ষণনীতির দিকে ফিরে না যাওয়ার ব্যাপারে জি-২০ ভুক্ত দেশগুলোকে স্মরণ করিয়ে দেন। তিনি বিশ্ব অর্থনীতিতে বৈষম্য মোকাবিলায় করণীয় নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের সঙ্গে বৈঠক করেন। এ ছাড়া বাল্যবিবাহ এবং জোরপূর্বক বিয়ে বন্ধ করাসহ নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে ইশতেহারে। সদস্য দেশগুলোর নেতারা নারীর অধিকার প্রতিষ্ঠায় আন্তর্জাতিক দলিলপত্র ও চুক্তি বাস্তবায়নে পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করেছেন। মানবাধিকার কর্মীদের মতে, কমনওয়েলথভুক্ত দেশগুলোতে জোরপূর্বক বাল্যবিবাহের ঘটনা উদ্বেগজনক হারে বেড়েছে। এর ফলে শিশুরা দুর্বল স্বাস্থ্য, দরিদ্রতা ও নিরক্ষরতার শিকার হচ্ছে। মৌলিক অধিকার থেকে তাদের বঞ্চিত করা হচ্ছে। শিশু অধিকার নিয়ে কাজ করা বিশ্বের বৃহৎ সংস্থাগুলোর মধ্যে অন্যতম প্ল্যান ইন্টারন্যাশনাল অস্ট্রেলিয়া কমনওয়েলথভুক্ত দেশগুলোর এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের মতে, এ পদক্ষেপ বিশ্বের লাখ লাখ মেয়েশিশুর অধিকার রক্ষার পথ প্রশস্ত করবে। গ্রুপটির সিইও ইয়ান উইশার্ট বলেন, এই সিদ্ধান্ত কমনওয়েলথভুক্ত দেশগুলোর কর্তৃপক্ষ এবং সম্প্রদায়ের কাছে জোরপূর্বক বাল্যবিবাহের বিরুদ্ধে এই বার্তা পৌঁছাবে যে এ ধরনের কর্মকাণ্ড আর সহ্য করা হবে না। এএফপি।