থাইল্যান্ডের রাজার জন্মদিন উপলক্ষে আজ সোমবার সে দেশের প্রায় ২২ হাজার বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে। তবে এ তালিকায় সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রার নাম না থাকায় অচিরেই তাঁর দেশে ফেরার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে।আজ থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলাদেজের ৮৪তম জন্মদিন। দেশটিতে প্রতিবছরই রাজার জন্মদিনে বেশ কিছু বন্দীকে মুক্তি দেওয়া হয়। গত মাসে প্রকাশিত গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এ বছর বন্দীদের ক্ষমার জন্য তৈরি করা খসড়া তালিকার অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। এর ফলে নির্বাসনে থাকা থাকসিন সিনাওয়াত্রার দেশে ফেরার পথ সুগম হতে পারে।কিন্তু দেশটিতে আইন রয়েছে, যেসব বন্দী কারাভোগ করছে, শুধু তারাই রাজার জন্মদিনে মুক্তি পাবে।থাকসিন ২০০৬ সালে সেনা অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হন। এরপর দুর্নীতির দায়ে তাঁর দুই বছরের কারাদণ্ড হয়। কিন্তু কারাভোগ এড়াতে তিনি স্বেচ্ছায় নির্বাসনে যান। তিনি দুর্নীতির এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেন। এএফপি।