মুক্তি পেয়েছেন কেজরিওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অরবিন্দ কেজরিওয়াল
অরবিন্দ কেজরিওয়াল

ভারতের আম আদমি পার্টির (এএপি) নেতা ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গতকাল মঙ্গলবার কারাগার থেকে ছাড়া পেয়েছেন। 
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এক নেতার করা মানহানির মামলায় গ্রেপ্তার হয়ে ছয় দিন দিল্লির তিহার কারাগারে ছিলেন কেজরিওয়াল।
জামিনের জন্য ব্যক্তিগতভাবে আবেদন জমা দেওয়ার পর দিল্লির একটি আদালত গতকাল কেজরিওয়ালকে মুক্তির নির্দেশ দেন। পরে ছাড়া পান তিনি।
লোকসভার নির্বাচনী প্রচারের সময় বিজেপির সাবেক সভাপতি নিতিন গড়কারিকে ‘দুর্নীতিবাজ’ বলেন কেজরিওয়াল। এ ঘটনায় বিজেপির ওই নেতা তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন।
ওই মামলায় গত বুধবার এএপির নেতা আদালতে জামিনের আবেদন জানাতে অস্বীকৃতি জানালে বিচারক তাঁকে গ্রেপ্তারের নির্দেশ দেন। প্রথমে দুই দিন ও পরে আরও ১৪ দিন তাঁকে কারাগারে রাখার নির্দেশ দেন আদালত।
কারামুক্তির আবেদন নিয়ে গত সোমবার দিল্লির হাইকোর্টে যান কেজরিওয়ালের আইনজীবী। গতকাল এ বিষয়ে শুনানি শেষে তাঁর আইনজীবীরা তিহার কারাগারে যান। জামিনের আবেদনের বিষয়ে তাঁরা কেজরিওয়ালের কাছ থেকে লিখিত সম্মতি আনেন।
এর আগে আদালত জামিনের আবেদন না করার বিষয়ে কেজরিওয়ালের অবস্থানের কড়া সমালোচনা করেন। আদালত বলেন, ছোট একটি বিষয়কে বড় করে ফেলছেন কেজরিওয়াল। এএপির নেতা বিষয়টিকে কেন মর্যাদার সঙ্গে নিচ্ছেন, তা নিয়েও প্রশ্ন তোলেন আদালত।