মুক্তি পেলেন মিডিয়া মোগল কনরাড ব্ল্যাক
যুক্তরাষ্ট্রের মায়ামির কারাগার থেকে মুক্তি পাওয়ার পর কানাডায় পাঠানো হয়েছে সাবেক মিডিয়া মোগল কনরাড ব্ল্যাককে। প্রতারণার দায়ে তিন বছরের কিছু বেশি সময় কারাভোগ করার পর শুক্রবার মুক্তি পান তিনি।কনরাড ব্ল্যাক নিজ প্রতিষ্ঠানের শেয়ারহোল্ডারদের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অপরাধে দণ্ডিত হয়েছিলেন। তাঁর মিডিয়া সাম্রাজ্যের মধ্যে ছিল যুক্তরাজ্যের ডেইলি টেলিগ্রাফ ও যুক্তরাষ্ট্রের শিকাগো সান-টাইমস-এর মতো বিভিন্ন প্রভাবশালী সংবাদপত্র।কনরাড ব্ল্যাক মিডিয়া ব্যবসাপ্রতিষ্ঠান হলিঞ্জার ইন্টারন্যাশনাল করপোরেশনের সাবেক কর্ণধার। কারাগার থেকে মুক্তির পর কালবিলম্ব না করে তিনি জন্মভূমি কানাডার টরন্টোর বাড়িতে ফিরে যান। ২০০১ সালে কানাডার নাগরিকত্ব ত্যাগ করে যুক্তরাজ্যের হাউস অব লর্ডসের সদস্যপদ গ্রহণ করেছিলেন ব্ল্যাক।কনরাড ব্ল্যাকের বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও বিচারকাজে বাধা সৃষ্টির অভিযোগ ছিল। এ জন্য তাঁকে ৩৭ মাস কারাগারে কাটাতে হয়।আবার মিডিয়া ব্যবসায় যুক্ত হবেন কি না—বাড়ি ফেরার পর সাংবাদিকদের এ প্রশ্নের কোনো জবাব দেননি ব্ল্যাক। কানাডার অভিবাসন কর্মকর্তারা তাঁকে সাময়িকভাবে সে দেশে থাকার অনুমতি দিয়েছেন। বিবিসি ও এএফপি।