মুক্তি পেলেন মোশাররফ

পাকিস্তানের সাবেক সেনাশাসক পারভেজ মোশাররফ গতকাল বুধবার গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেয়েছেন।
গতকাল পিটিআই প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, প্রায় ছয় মাস পর এই বন্দিত্ব থেকে মুক্তি পেলেন মোশাররফ। তাঁর বিরুদ্ধে করা চারটি মামলায়ই তিনি জামিন পেয়েছেন।
গতকাল এক লাখ রুপির দুটি জামিন বন্ড আদালতে জমা দেন মোশাররফ। এরপর একজন অতিরিক্ত দায়রা বিচারক লাল মসজিদের ইমাম আবদুল রশিদ হত্যা মামলায় তাঁর মুক্তির লিখিত আদেশ দেন। আবদুল রশিদ হত্যা মামলায় গত সোমবার মোশাররফের জামিন মঞ্জুর হয়।
সাবেক স্বৈরশাসক মোশাররফ গত মার্চে দেশে ফেরেন। এরপর চারটি মামলায় বিচারের সম্মুখীন হন তিনি। চারটি মামলাতেই তিনি জামিন পেয়েছেন। এর ফলে তাঁর মুক্তির পথ খুলে যায়। তবে ধারণা করা হচ্ছে, জামিনে মুক্তি পেলেও দেশ ছাড়তে পারবেন না মোশাররফ। তাঁর আইনজীবী ইলিয়াস সিদ্দিকি গণমাধ্যমকর্মীদের বলেন, মোশাররফ নিষ্ক্রমণ নিয়ন্ত্রণ তালিকা (ইসিএল) থেকে নাম বাদ দেওয়ার জন্য সিন্ধু হাইকোর্টে যাবেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই তালিকায় নাম থাকায় সরকারের অনুমতি ছাড়া পাকিস্তান ত্যাগ করতে পারবেন না সাবেক প্রেসিডেন্ট।