মুক্তি পেয়ে কাঁদল হাতি

৫০ বছর ধরে শিকল-বন্দী ছিল রাজু। মাদকাসক্ত মালিক ভিক্ষার কাজে হাতিটিকে ব্যবহার করতেন। চালাতেন বিভিন্ন নির্যাতন। অবশেষে হাতিটি মুক্তি পেয়েছে। মুক্তির আনন্দে রাজুর চোখ দিয়ে গড়িয়েছে জল।
গতকাল সোমবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, অবিশ্বাস্য এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে।
শিশু অবস্থায় বন থেকে হাতিটিকে চুরি করা হয়। এর পর থেকে তার দুর্দশা শুরু। মারধরের পাশাপাশি খাবার থেকেও তাকে বঞ্চিত করা হতো। কাগজ আর প্লাস্টিক খাওয়ানো হতো হাতিটাকে। পাশে সব সময় লাগানো থাকত শিকল ও সুচালো কীলক।
মালিকের নিপীড়নে চরম যন্ত্রণায় দিন কাটত রাজুর। কিন্তু এখন সে মুক্ত। খুলে গেছে পায়ের বেড়ি। ঘুরতে পারছে স্বাধীনভাবে।
সম্প্রতি প্রাণী সংরক্ষণবাদীরা আদালতের আদেশ নিয়ে হাতিটিকে তার নিপীড়ক মালিকের হাত থেকে উদ্ধার করেছেন। এ কাজে পুলিশ ও রাজ্যের কর্মকর্তারা সহায়তা করেছেন।
মুক্তি পাওয়ার পর রাজুর চোখ থেকে অশ্রু গড়াতে দেখা যায় বলে স্বেচ্ছাসেবকেরা জানিয়েছেন। পূজা বিনেপাল নামের এক স্বেচ্ছাসেবক বলেন, ‘উদ্ধারের সময় তার গাল বেয়ে পানি পড়তে দেখে আমরা অবাক হয়ে যাই। এটা আমাদের সবার জন্য এক অবিশ্বাস্য আবেগের বিষয় ছিল। মুক্তির বিষয়টি হাতি অনুধাবন করতে পেরেছে।’