মুক্তি পেয়েছেন কেজরিওয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা অরবিন্দ কেজরিওয়াল ও তাঁর সমর্থকদের গতকাল শনিবার দিল্লির একটি অস্থায়ী কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে। আইনমন্ত্রী সালমান খুরশিদের পদত্যাগের দাবিতে আন্দোলনকালে গত শুক্রবার সন্ধ্যায় তাঁদের আটক করা হয়েছিল। মুক্তির পর কেজরিওয়াল আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।দিল্লি পুলিশের মুখপাত্র রাজন ভগত বলেন, আটক আন্দোলনকারীদের মুক্তি দেওয়া হয়েছে। মুক্তিপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে কেজরিওয়াল ছাড়া উল্লেখযোগ্য আরও রয়েছেন মনিশ শিশোধা ও গোপাল রায়। পার্লামেন্ট স্ট্রিটে বিক্ষোভকালে তাঁদের গত শুক্রবার সন্ধ্যায় আটক করে অস্থায়ী ভিত্তিতে রাজীব গান্ধী স্টেডিয়ামে রাখা হয়। কেজরিওয়াল ও তাঁর সহযোগীরা মন্ত্রিসভা থেকে সালমান খুরশিদের পদত্যাগ এবং তাঁকে এবং তাঁর স্ত্রী লুইসকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের দাবিতে আন্দোলন করছিলেন। তবে আইনমন্ত্রী ও তাঁর স্ত্রী দুর্নীতির এসব অভিযোগ অস্বীকার করেছেন। পিটিআই।