মুক্তিযুদ্ধের চেতনায় প্রবাসে ঐক্যের আহ্বান

মুক্তিযুদ্ধের চেতনায় দেশের মতো প্রবাসেও বাংলাদেশিদের ফের ঐক্যবদ্ধ হতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ স্থায়ী মিশনে আয়োজিত এক আলোচনা সভায় এ আহ্বান জানান বক্তারা।
মিশনের স্থায়ী কার্যালয়ে ওই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন।
বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, প্রবাসী মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে যোগ দেন।
মাসুদ বিন মোমেন তাঁর বক্তব্যে মুক্তিযুদ্ধের চেতনায় প্রবাসের নতুন প্রজন্মকে গড়ে তোলার আহ্বান জানান। তিনি প্রত্যেক প্রবাসীকে নিজ নিজ এলাকার প্রয়াত বা জীবিত মুক্তিযোদ্ধাদের সম্মানে বৃত্তি চালু করার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত বাংলাদেশ একাত্তরের মতো আজও অজেয়। জাতি হিসেবে বাংলাদেশিরা মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে বসে নেই। নানা ঘাত মোকাবিলা করেও বিজয়কে সংহত করার ক্রমাগত লড়াই এই জাতিকে চালিয়ে যেতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মুকিত চৌধুরী, রাজনীতিবিদ সিদ্দিকুর রহমান, মোমতাজ শাহনাজ, অভিনেতা জামাল উদ্দীন হোসেন, কাউন্সিলম্যান ড্যাভিড ওয়েভপ্রীন।
আলোচনার পর নিউইয়র্কের সাংস্কৃতিক সংগঠন বিপা বিজয়ের গান ও নৃত্য পরিবেশন করে। সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়।