মুক্তির বিনিময়ে অনশন ভাঙলেন সেই ফিলিস্তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েলের কারাগারে বন্দী এক ফিলিস্তিনি অবশেষে তাঁর মুক্তির বিনিময়ে আমরণ অনশন ভাঙতে সম্মত হয়েছেন। গতকাল মঙ্গলবার তাঁর আইনজীবী এই তথ্য জানিয়েছেন। জঙ্গি তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইসরায়েলে কারাভোগ করছেন সামির ইসাবি নামের ওই ফিলিস্তিনি। তিনি ২০১২ সালের আগস্ট থেকে থেমে থেমে অনশন করে আসছেন। তাঁর আইনজীবী জাওয়াদ বুলস জানান, অনশন ভাঙার আট মাস পর তাঁর মক্কেল কারামুক্তি পাবেন।৩৩ বছর বয়সী বর্তমানে তেল আবিরের কাছে একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাঁর অবস্থা আশঙ্কাজনক। কর্তৃপক্ষের সঙ্গে মুক্তির ব্যাপারে একটা সমঝোতা হওয়ার পর গত সোমবার রাত থেকে তিনি ভিটামিন খেতে শুরু করেছেন। ইসরায়েল প্রথমে হামাস-নিয়ন্ত্রিত গাজা ভূখণ্ডে নির্বাসিত করার শর্তে সামিরকে তাৎক্ষণিক মুক্তি দেওয়ার প্রস্তাব করেছিল। এমনকি তাঁকে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যেকোনো রাষ্ট্রে নির্বাসিত করারও প্রস্তাব করা হয়েছিল। কিন্তু সামির দুটি প্রস্তাবই প্রত্যাখ্যান করেন। সামিরকে প্রথম ২০০২ সালে গ্রেপ্তার করা হয় এবং জঙ্গি তৎপরতার অভিযোগে ২৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়। বন্দীবিনিময় চুক্তির অংশ হিসেবে ২০১১ সালের অক্টোবরে তিনি মুক্তি পান। কিন্তু চুক্তি ভঙ্গ করে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে যাওয়ার অপরাধে আবার তাঁকে গ্রেপ্তার করা হয়। ইসরায়েলের অভিযোগ, পশ্চিম তীরে একটি ‘সন্ত্রাসী সংগঠন’ প্রতিষ্ঠার লক্ষ্যে সামির সেখানে যান। পরে তাঁকে সাজার বাকি মেয়াদ ভোগ করার আদেশ দেওয়া হয়। এই সাজার প্রতিবাদে টানা অনশন করে সামিরের শারীরিক অবস্থার অবনতি ঘটে। ইসরায়েলি কারাগারগুলোতে প্রায় চার হাজার ৭০০ ফিলিস্তিনি বন্দী রয়েছে। সামিরসহ চার ফিলিস্তিনির মুক্তির দাবিতে এভাবে টানা অনশন শুরু করেন। এদের মধ্যে দুজন গত ফেব্রুয়ারিতে অনশন ভাঙেন। এএফপি।