মুখ ও পায়ের ছোঁয়ায় শিল্প
শৈশব থেকেই শিল্পের প্রতি নিবেদিতপ্রাণ তিনি। আছে প্রতিভা, অদম্য মনোবল। এতে যোগ হয়েছে নিরন্তর চেষ্টা। এসবের গুণে প্রতিকূলতার বাধা টপকে চীনের হুয়াং গুয়োফু (৪১) আজ একজন গুণী শিল্পী। একের পর এক এঁকে চলেছেন ছবি। তবে হাত নেই বলে মুখ ও পা দিয়ে ছবি আঁকেন হুয়াং।মাত্র চার বছর বয়সে বৈদ্যুতিক দুর্ঘটনায় হাত দুটি হারান হুয়াং গুয়োফু। আরেকটু বড় হওয়ার পর ছবি আঁকার দুরন্ত ইচ্ছা পেয়ে বসে তাঁকে। কিন্তু আঁকবেন কী করে? হাত তো নেই। মনোবল গুঁড়িয়ে দেয় এই বাধা। তার পরও থেমে থাকেননি। মুখ আর পা দিয়ে ছবি আঁকার চেষ্টা চালাতে থাকেন তিনি। একপর্যায়ে সফলও হন। এখন সুন্দর সুন্দর ছবি এঁকে এবং তা বিক্রি করে জীবিকার পথ করে নিয়েছেন তিনি।হুয়াংয়ের ছবি এতটাই সাড়া ফেলেছে যে দূরদেশে ছড়িয়ে গেছে তাঁর নাম। ক্রেতারা বলেন, হুয়াংয়ের প্রতি সহানুভূতির জন্য নয়, চমৎকার আঁকার গুণেই তাঁর শিল্পকর্ম ক্রেতাদের আকৃষ্ট করে।হুয়াং সম্প্রতি চীনের চনগিং ট্যালেন্টস মিউজিয়ামের ভাইস কিউরেটর হিসেবে নিয়োগ পেয়েছেন। হুয়াংয়ের কথা, ঈশ্বর তাঁকে যেভাবে রেখেছেন, সেভাবেই তিনি খুশি। ডেইলি মেইল।