মুখ খুললেন লাদেনের হত্যাকারী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে নীরবতা ভেঙেছেন যুক্তরাষ্ট্রের বিশেষ কমান্ডো বাহিনী নেভিসিলের সেই সদস্য, যিনি আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেনকে হত্যা করেছিলেন। সেই কমান্ডো এখন বেকার। ভুগছেন অর্থকষ্টে। নাম প্রকাশ না করার শর্তে ইস্কয়ার সাময়িকীকে দেওয়া সাক্ষাৎকারে নেভিসিলের ওই সদস্য বিন লাদেন হত্যার অভিযানের বর্ণনা দেন। ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরে লাদেনের আস্তানায় অভিযানের সময় তিনটি গুলিতে বিন লাদেনকে হত্যা করেন তিনি। এত দিন নিজের পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা ভেবে তিনি এ কথা প্রকাশ করেননি।‘বিন লাদেনকে দেখেই তাঁকে দ্বিধাগ্রস্ত বলে মনে হলো। যতটা ভেবেছিলাম তার চেয়েও দীর্ঘকায় দেখায় লাদেনকে।’ বলেন সেই সদস্য। তিনি আরও বলেন, ‘অভিযান চলছিল অন্ধকারে। অ্যাবোটাবাদের বাড়িটির তৃতীয় তলায়। লাদেন তাঁর কনিষ্ঠ স্ত্রীর কাঁধে দুই হাত রাখেন এবং তাঁকে সামনের দিকে ঠেলে দেন। লাদেনের হাতের নাগালেই একটা একে-৪৭ রাখা ছিল। মুহূর্তের মধ্যে আমি চিন্তা করি, ওই নারীর শরীরে বিস্ফোরকভর্তি কোনো কিছু আছে কি না। আর তাঁরা দুজনকে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন কি না। বিন লাদেনকে হুমকি বলে মনে হলো। তাই ঝুঁকি নিতে চাইনি। একে-৪৭ রাইফেলটা যাতে হাতে নেওয়ার সুযোগ না পান, এ জন্য লাদেনের কপাল লক্ষ্য করে দুটি গুলি ছুড়ি। বিছানার কাছেই মেঝেতে লুটিয়ে পড়েন লাদেন। আবারও একটা গুলি। এরপর মৃত্যু হয় তাঁর। অসাড় দেহ পড়ে থাকে মেঝেতে। লাদেনের জিহ্বা বেরিয়ে আসে।’যুক্তরাষ্ট্রের নেভিসিলের এই কমান্ডোকে তখন বীরের মর্যাদা দেওয়া হয়। অভিধা দেওয়া হয়, ‘দ্য ম্যান হু কিল্ড ওসামা বিন লাদেন...ইজ স্ক্রিউড’। ওই টুকুই। অবসর ভাতা পাননি তিনি। স্বাস্থ্যবিমা কিংবা তাঁর পরিবারের সদস্যদের জন্য বাড়তি কোনো নিরাপত্তার ব্যবস্থাও করা হয়নি। ওই কমান্ডোর বরাত দিয়ে সাময়িকীটি জানায়, লাদেনের মুখোমুখি মাত্র ১৫ সেকেন্ড সময় নেওয়া হয়। কমান্ডোদের জন্য তখন সবচেয়ে উদ্বেগের বিষয় ছিল, অভিযানে ব্যবহূত একটি ব্ল্যাক হক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা। তাঁদের আশঙ্কা ছিল, যদি আর নিরাপদে আফগানিস্তানে ফিরে যেতে না পারেন। প্রসঙ্গত, আফগানিস্তানের জালালাবাদ থেকে হেলিকপ্টারে করে অ্যাবোটাবাদ গিয়ে ওই অভিযান চালানো হয়। ১৬ বছর কর্তব্য পালনের পর বেশ কিছুদিন আগে নেভি ত্যাগ করেন বিন লাদেনের ওই হত্যাকারী। তবে চাকরিতে ২০ বছর পূর্ণ না হওয়ায় তাঁর অবসর ভাতাও জোটেনি। নেভিসিলের ওই কমান্ডোর স্ত্রী বলেন, ‘আমার স্বামী দেশের জন্য এত কিছু করল, আর এখন মনে হয় তাঁকে আস্তাকুঁড়ে ছুড়ে দেওয়া হয়েছে।’ এএফপি।