মুখতার মাইয়ের স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণধর্ষণের শিকার পাকিস্তানের সেই দুঃসাহসী নারী মুখতার মাই বলেছেন, পাকিস্তানে নারী নিপীড়ন বন্ধে শিক্ষাই হচ্ছে মূল হাতিয়ার। চলতি সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত একটি মানবাধিকার সম্মেলনের বাইরে এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মাই এ কথা বলেন। তিনি বলেন, ‘পাকিস্তানে নারী নিপীড়ন বন্ধে শিক্ষাই পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে।’ নিজের বয়স জানেন না এই নারী। তবে তাঁর ধারণা, চল্লিশের কাছাকাছি হবে বয়স। ২০০২ সালের জুনে গণধর্ষণের শিকার হন মুখতার মাই। ওই বর্বরোচিত ঘটনার পর পুলিশের কাছে সাহায্যের জন্য গিয়ে আরেক দফা হয়রানির শিকার হন। পুলিশ নিজেদের ইচ্ছেমতো প্রতিবেদন সাজিয়ে তাতে তাঁর আঙুলের ছাপ নেয়। শিক্ষা না থাকায় পুলিশ সত্যিকার ঘটনা প্রতিবেদনে তুলে ধরেছে কি না, তা পর্যন্ত যাচাই করার উপায় ছিল না তাঁর। অভিযোগ উঠেছিল, মুখতার মাইয়ের ১২ বছর বয়সী ভাইয়ের সঙ্গে প্রতিপক্ষ গোত্রের এক মেয়ের অবৈধ সম্পর্ক আছে। এ ঘটনায় গ্রাম্য সালিস বসে। সালিসে সিদ্ধান্ত হয়, ভাইয়ের অপরাধের শাস্তিস্বরূপ মাইকে গণধর্ষণ করার। পরে তদন্তে দেখা যায়, মাইয়ের ভাই সম্পর্কে ওঠা অভিযোগ ছিল ভুল।প্রথাগতভাবে এ ঘটনার পর মাইয়ের আত্মহত্যা করা কিংবা পরিবারের মর্যাদা রক্ষায় অন্যত্র পালিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু মাই এর কোনোটাই করেননি। বরং তিনি আদালতের আশ্রয় নেন। জরিমানা হয় অপরাধীদের। কিন্তু মাই জরিমানার যে অর্থ পেয়েছেন তা যথেচ্ছ ব্যয় করেননি, এই অর্থ দিয়ে স্কুল প্রতিষ্ঠা করেছেন। তাঁর এই প্রেরণাদায়ী উদ্যোগ ব্যাপক সাড়া ফেলে। দেশে-বিদেশে হইচই পড়ে যায়। আন্তর্জাতিক ব্যক্তিত্বে পরিণত হন তিনি।মাই বলেন, ‘আমি সত্যিই গর্বিত যে আমার কারণে এখন আর কোনো নারী পালিয়ে যান না কিংবা আত্মহত্যা করেন না। তাঁরা পুলিশ কিংবা আদালতের আশ্রয় নেন।’ তবে তিনি স্বীকার করেন, ধর্ষণের পর তিনিও প্রথমে আত্মহত্যা করে নিজেকে শেষ করে দেওয়ার কথা ভেবেছিলেন। তিনি বলেন, ‘নির্যাতনকারীরা আমাকে হত্যার হুমকি দিয়েছিল। বলেছিল, আমি পুলিশের কাছে গেলে আমাকে মেরে ফেলা হবে। আমিও তখন ভাবি, পুলিশের কাছে আমি যাব যাতে তারা আমাকে মেরে ফেলে। সেটা হলে অন্তত এ দুনিয়ায় থাকতে হবে না।’মাই জানান, এসব অশুভ চিন্তাভাবনার মধ্যেই তাঁর সঙ্গে উচ্চশিক্ষিত কিছু লোকের পরিচয় হয়। তাঁরাই পরামর্শ দেন, এভাবে আত্মহত্যা না করে অন্যের জন্য কিছু করতে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে। তাঁর মা-ও বিষয়টাতে সায় দেন। তবে তাঁর এক ভাই লোকলজ্জার ভয়ে এই বলে হুমকি দেন, তিনি (মাই) মরে না গেলে তিনিই (ভাই) নিজেকে শেষ করে দেবেন। এই নারী জানান, বীভৎস সেই ঘটনার কয়েক বছরের মধ্যেই তিনি শিক্ষা নেন। পাঞ্জাবের দক্ষিণাঞ্চলে মেয়েদের জন্য প্রতিষ্ঠা করেন দুটি স্কুল। তা ছাড়া নারীদের জন্য একটি আশ্রয়কেন্দ্রও খোলেন। এসব করার পর তাঁর পরিবারের মনোভাবেও পরিবর্তন আসে। এখন তাঁরা সবাই তাঁকে সমর্থন করেন। এএফপি।