মুখোমুখি অবস্থানে যুক্তরাজ্যের ক্ষমতাসীন জোটের দুই দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যে নির্বাচন পদ্ধতি সংস্কার নিয়ে গণভোটের আগে বিভক্ত হয়ে পড়েছে ক্ষমতাসীন জোটের দুই দল কনজারভেটিভ পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটস। লিবারেল ডেমোক্র্যাটস নেতা উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ অভিযোগ করেছেন, বিকল্প ভোট ব্যবস্থার বিপক্ষে অবস্থান নিয়ে কনজার-ভেটিভ নেতা প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ‘অগ্রহণযোগ্য বিষয়কেই সমর্থন’ করছেন।নির্বাচনব্যবস্থা নিয়ে আগামী ৫ মে গণভোট হবে ব্রিটেনে। লিবারেল ডেমোক্র্যাটরা চাইছেন, বর্তমান ব্যবস্থা ‘ফার্স্ট পাস্ট দ্য পোস্ট’-এর পরিবর্তে বিকল্প ভোট ব্যবস্থাই কার্যকর হোক। কিন্তু কনজারভেটিভরা বিকল্প ব্যবস্থার বিপক্ষে প্রচারণা চালাচ্ছেন। তাঁরা চান প্রচলিত পদ্ধতিই বহাল থাক। আর এ নিয়ে মুখোমুখি অবস্থানে ক্ষমতাসীন জোটের দুই শরিক। অথচ গত মে মাসের সাধারণ নির্বাচনের পর দুই দল যখন জোট গঠনের সিদ্ধান্ত নেয়, তখন লিবডেমদের পক্ষ থেকে অন্যতম শর্ত ছিল নির্বাচনব্যবস্থার পরিবর্তন।উপপ্রধানমন্ত্রী নিক ক্লেগ গতকাল রোববার সানডে পত্রিকাকে বলেন, মিথ্যা, ভুল তথ্য ও প্রতারণার ওপর ভিত্তি করেই কনজারভেটিভরা বিকল্প ব্যবস্থার বিপক্ষে প্রচারণা চালাচ্ছেন। এতে করে রক্ষণশীল সম্ভ্রান্তদের মৃত্যু ঘণ্টা বেজে যাবে বলে তিনি মনে করেন।রক্ষণশীল সম্ভ্রান্ত বলতে ডেভিড ক্যামেরনকে বোঝাচ্ছেন কি না, জানতে চাইলে লিবারেল ডেমোক্র্যাটস নেতা ক্লেগ বলেন, ‘এর মধ্যে সবাই আছে এবং অবশ্যই কনজারভেটিভ পার্টি।’ক্লেগ আরও বলেন, বিকল্প ব্যবস্থার বিরোধিতার মাধ্যমে ক্যামেরন প্রতিক্রিয়াশীলদের অর্থাৎ ব্রিটিশ ন্যাশনাল পার্টির নেতা নিক গ্রিফিন ও কমিউনিস্ট পার্টির নেতাদের সঙ্গে আঁতাত করছেন। এএফপি ও ডেইলি মেইল।