মুখোমুখি বসলেও সরাসরি কথা হয়নি দুই পক্ষের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধিরা গতকাল শনিবার জেনেভায় এক কক্ষে মুখোমুখি বসেন। তাঁদের মধ্যে সরাসরি কথা না হলেও এ ঘটনাকে ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে।
আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যস্থতায় জেনেভা ২ শান্তি সম্মেলনে গতকাল এক কক্ষে বসেন সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের প্রতিনিধিরা। প্রায় এক ঘণ্টা স্থায়ী ওই বৈঠকে দুই পক্ষ মুখোমুখি হলেও তাঁদের মধ্যে সরাসরি কোনো কথা হয়নি। বৈঠকে জাতিসংঘের বিশেষ দূত লাখদার ব্রাহিমি দুই পক্ষের অবস্থান পরস্পরের কাছে তুলে ধরেন। তবে বৈঠকে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি না তা জানা যায়নি। বৈঠক শেষে আনুষ্ঠানিক কোনো বিবৃতিও দেওয়া হয়নি।
একটি সূত্র বলছে, ওই বৈঠকে সরকারি প্রতিনিধিদলের প্রধান ও সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ মুয়াল্লেম অংশ নেননি। যোগ দেননি বিদ্রোহীদের প্রতিনিধিদলের প্রধান আহমেদ জাবরাও। তার পরও দুই পক্ষকে প্রথমবারের মতো একান্তে মুখোমুখি বসানো সম্ভব হয়েছে—এটাকেই ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকেরা।
জেনেভা সম্মেলনে গত শুক্রবারই ওই দুই পক্ষের মধ্যে সরাসরি আলোচনা শুরুর কথা ছিল। কিন্তু পরস্পরের একেবারে বিপরীতমুখী অবস্থানের কারণে তা নিয়ে সংশয় সৃষ্টি হয়। ব্রাহিমি উভয় পক্ষের সঙ্গে পৃথকভাবে বৈঠক করে শনিবার তাদের সরাসরি আলোচনায় বসতে রাজি করান।
সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্রগুলো বলছে, সরাসরি আলোচনার মাধ্যমে দুই পক্ষকে বিভিন্ন বিষয়ে ঐকমত্যে আনার চেষ্টা করা হবে; বিশেষ করে হোমস শহরের অবরুদ্ধ এলাকাগুলোয় মানবিক সহায়তা পাঠানোর ব্যবস্থা করাসহ এ ধরনের বিষয়গুলোর ওপর গুরুত্ব দেওয়া হবে। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও জাতিসংঘও আলোচনায় এমন বিষয়গুলোকেই গুরুত্ব দেবে।
এদিকে গতকাল সরাসরি আলোচনা শুরু হওয়ার আগে সিরিয়া সরকার আবারও প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ক্ষমতা থেকে সরে দাঁড়ানোর দাবি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে। সিরিয়ার তথ্যমন্ত্রী ওমরান জোয়াবি জেনেভায় সাংবাদিকদের বলেন, ‘প্রেসিডেন্ট বাশার ক্ষমতা থেকে সরে দাঁড়াবেন না—এই অবস্থানে আমরা অনড়।’ বিবিসি ও রয়টার্স।