জিম্বাবুয়েতে গতকাল বুধবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে ক্ষমতাসীনদের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ উঠেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে। ভোটে প্রধানমন্ত্রী মর্গান চাঙ্গিরাইয়ের সঙ্গে তাঁর তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার আভাস পাওয়া গেছে।দীর্ঘদিনের শাসক প্রেসিডেন্ট মুগাবে (৮৯) বলেছেন, তিনি ও তাঁর দল জানু-পিএফ নির্বাচনে হেরে গেলে তিনি পদত্যাগ করবেন। সত্যিই তা হলে এই নির্বাচনের মধ্য দিয়ে মুগাবের দীর্ঘ ৩৩ বছরের ক্ষমতার অবসান হবে।প্রধানমন্ত্রীর দল মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ (এমডিসি) অভিযোগ করেছে, নির্বাচনে ভোট জালিয়াতি করেছে জানু-পিএফ। ২০০৮ সালের বিতর্কিত নির্বাচন ও নির্বাচন-পরবর্তী সহিংসতার পর সমঝোতার ভিত্তিতে জোট সরকার গঠন করেছিল জানু-পিএফ ও এমডিসি। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া এবারের নির্বাচনী প্রচারণা ছিল শান্তিপূর্ণ। ২০০৮ সালের নির্বাচনে প্রথম দফার ভোটে এগিয়ে ছিলেন চাঙ্গিরাই। কিন্তু তাঁর সমর্থকদের ওপর হামলার কারণে দ্বিতীয় দফার ভোট থেকে নিজেকে প্রত্যাহার করে নেন তিনি। বিবিসি।