মুগাবের দলের বিজয় দাবি ‘তামাশা’ মন্তব্য বিরোধীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের জানু-পিএফ পার্টি গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের দাবি করেছে। তবে প্রধানমন্ত্রী মর্গান চাঙ্গিরাই এই নির্বাচনকে ‘বিরাট তামাশা’ বলে আখ্যা দিয়েছেন। স্থানীয় পর্যবেক্ষকদের অভিযোগ, ভোটে নিয়মকানুনের ক্ষেত্রে ‘বড় ধরনের ছাড়’ দেওয়া হয়েছে।ক্ষমতাসীন জানু-পিএফ পার্টি দলের একজন জ্যেষ্ঠ মুখপাত্র গতকাল বৃহস্পতিবার বলেন, ‘প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনে আমরা প্রধানমন্ত্রী মরগান চাঙ্গিরাইয়ের মুভমেন্ট ফর ডেমোক্রেটিক চেঞ্জ (এমডিসি) পার্টিকে পরাজিত করেছি। মুগাবের কাছে পরাজিত হয়েছেন তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী চাঙ্গিরাই।’ এদিকে পর্যবেক্ষকেরা বলেছেন, অন্তত ১০ লাখ ভোটারকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে। নির্বাচন পর্যবেক্ষণ বিষয়ক সংগঠন জিম্বাবুয়ে ইলেকশন সাপোর্ট নেটওয়ার্কের চেয়ারম্যান সলোমন জাওয়ানা গতকাল বলেন, প্রত্যন্ত অঞ্চলের অন্তত ১০ লাখ ভোটারকে কেন্দ্রে যেতে দেওয়া হয়নি। এই ভোটাররা প্রধানমন্ত্রী চাঙ্গিরাইয়ের সমর্থক। এই পর্যবেক্ষক সংগঠনটির অন্তত সাত হাজার কর্মী বুধবার অনুষ্ঠিত ভোট পর্যবেক্ষণ করেন।প্রধানমন্ত্রী চাঙ্গিরাইয়ের দল এমডিসি বুধবারই সরকারের বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ তোলে। একই দিন প্রেসিডেন্ট মুগাবে বলেন, নির্বাচনে তিনি ও তাঁর দল পরাজিত হলে পদত্যাগ করবেন। মুগাবে ৩৩ বছর ধরে দেশের ক্ষমতায় রয়েছেন।জিম্বাবুয়ের আইন অনুযায়ী নির্বাচনের অনানুষ্ঠানিক ফল প্রকাশ করার বিধান নেই। ভোট গ্রহণের পাঁচ দিনের মধ্যে নির্বাচন কমিশনের ফল ঘোষণা করার কথা। এএফপি ও বিবিসি।