মুগাবের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ সাভাঙ্গিরাইয়ের
জিম্বাবুয়েতে আবার ঘোরতর রাজনৈতিক বিরোধ শুরু হয়েছে। প্রকাশ্য বিরোধিতায় জড়িয়ে পড়েছেন প্রেসিডেন্ট রবার্ট মুগাবে ও প্রধানমন্ত্রী মরগান সাভাঙ্গিরাই। প্রেসিডেন্ট মুগাবের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন ও একপক্ষীয় সিদ্ধান্ত নেওয়ার অভিযোগ এনেছেন প্রধানমন্ত্রী মরগান। এ নিয়ে এখন দুই শিবিরে দৃশ্যত টানটান উত্তেজনা বিরাজ করছে।রাজধানী হারারেতে গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে মরগান অভিযোগ করেন, দেশে এখন ক্ষমতা ভাগাভাগির সরকার থাকলেও মুগাবে সেটা মানছেন না। সংবিধান লঙ্ঘন করে তিনি প্রায় সব ক্ষেত্রে একতরফা সিদ্ধান্ত নিচ্ছেন। প্রধানমন্ত্রী বলেন, ১৮ মাস ধরে গভর্নর, বিচারক, রাষ্ট্রদূতসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে মুগাবে অনেককে নিয়োগ দিয়েছেন। তাঁর এ কাজ অবৈধ ও সংবিধান পরিপন্থী। এসব নিয়োগ তাঁর মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) কখনোই মেনে নেবে না।মরগান জানান, মুগাবে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর, অ্যাটর্নি জেনারেল, পাঁচজন বিচারক, ছয়জন রাষ্ট্রদূত ও একজন পুলিশ কমিশনার পদে সম্পূর্ণ বিতর্কিত ব্যক্তিদের নিয়োগ দিয়েছেন। এ ছাড়া তার সঙ্গে আলোচনা না করেই এককভাবে গত সপ্তাহে ১০ জন প্রাদেশিক গভর্নরকে পুনরায় নিয়োগ দিয়েছেন।প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, রাজনৈতিক সিদ্ধান্তের ক্ষেত্রে প্রেসিডেন্ট মুগাবের পাশে যেকোনো মূল্যে থাকতে তিনি প্রস্তুত আছেন। কিন্তু সংবিধান বা দেশবিরোধী কর্মকাণ্ডের ক্ষেত্রে মুগাবে বা তাঁর দল জানু-পিএফকে তিনি বা তাঁর দল কোনোভাইে সমর্থন করবেন না।প্রধানমন্ত্রী অভিযোগ করেন, উপ-কৃষিমন্ত্রী পদে তিনি শ্বেতাঙ্গ কৃষক রায় বেনেটকে পছন্দ করেছিলেন। কিন্তু মুগাবে তাঁকে শপথ পড়াতে শেষ পর্যন্ত অস্বীকৃতি জানান। ২০০৯ সালের মে মাসে বিতর্কিত নির্বাচনের পর ক্ষমতা ভাগাভাগির ভিত্তিতে মুগাবে ও সাভাঙ্গিরাই দেশের ক্ষমতা গ্রহণ করেন। সে সময় এ দুই নেতা নতুন সংবিধান প্রণয়ন করে গণভোটের মাধ্যমে তা পাস করে নতুন নির্বাচন দেওয়ার কথা বলেছিলেন। বিবিসি, এএফপি।