মুঙ্খের চিত্রকর্ম নিলামে সর্বোচ্চ মূল্যে বিক্রি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়ের খ্যাতিমান চিত্রশিল্পী এডভার্ট মুঙ্খের বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য স্ক্রিম’ প্রায় ১২ কোটি ডলারে নিলামে বিক্রি হয়েছে। গত বুধবার নিউইয়র্কে এই নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে বিক্রি হওয়া চিত্রকর্মের মধ্যে এটিই সর্বোচ্চ মূল্য।এর আগে ২০১০ সালে বিখ্যাত শিল্পী পিকাসোর চিত্রকর্ম ‘নুড, গ্রিন লিভস অ্যান্ড বাস্ট’ ১০ কোটি ৬৫ লাখ ডলারে বিক্রি হয়।অভিব্যক্তি নিয়ে কাজ করে সুনাম অর্জন করেন নরওয়ের এই চিত্রশিল্পী। ১৮৯৫ সালে প্যাস্টেল (মোম রং) দিয়ে ছবিটি আঁকেন মুঙ্খ। সাগরতীরে হাঁটার সময় একপর্যায়ে খুব উদ্বেগে ভোগেন তিনি। সেই মানসিক পরিস্থিতি থেকে তাঁর এই চিত্রকর্মের সৃষ্টি।পিটার ওলসেন নামে নরওয়ের একজন নাগরিকের ব্যক্তিগত সংগ্রহে চিত্রকর্মটি ছিল। পিটারের বাবা ছিলেন এডভার্ট মুঙ্খের একজন বন্ধু ও সমর্থক।বুধবার সদবিজ নিলামঘরে পাঁচ কোটি ডলার থেকে নিলাম ডাক শুরু হয়। মাত্র ১২ মিনিটের মধ্যে তা শেষ হয়ে যায়। সাতজন ক্রেতা এতে অংশ নেন। চিত্রকর্ম বিক্রি করে পাওয়া অর্থ দিয়ে নরওয়েতে নতুন একটি জাদুঘর, হোটেল ও শিল্পকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করছেন পিটার ওলসেন। এএফপি ও রয়টার্স।