মুজাফফরনগরে নতুন দাঙ্গায় নিহত ৩

ভারতের উত্তর প্রদেশের মুজাফফরনগর শহরে নতুন দফা সাম্প্রদায়িক দাঙ্গায় গতকাল বুধবার তিন ব্যক্তি নিহত হয়েছেন। প্রদেশটিতে গত মাসেও এক দফা সাম্প্রদায়িক দাঙ্গা হয়ে গেছে।
বিবিসি বলছে, অনেক গণমাধ্যমে ঘটনাকে সাম্প্রদায়িক দাঙ্গা হিসেবে অভিহিত করা হলেও পুলিশের দাবি, দুই পরিবারের সংঘাতের জেরে হত্যার ঘটনা ঘটেছে।
শহরটিতে গত ৭ সেপ্টেম্বর শুরু হওয়া সপ্তাহ খানেকের দাঙ্গায় ৬০ জনের বেশি মানুষ প্রাণ হারায়। এক দশকের মধ্যে দাঙ্গাটি ছিল সবচেয়ে ভয়ংকর। এক নারীকে লাঞ্ছিত করার প্রতিবাদ করায় তিন ব্যক্তিকে হত্যা করার মধ্য দিয়ে ওই দাঙ্গা শুরু হয়েছিল।
স্থানীয় কর্মকর্তা কৌশল রাজ বলেন, বুধবার সন্ধ্যায় মুহাম্মদপুরাইসিং গ্রামে হিন্দু-মুসলিম সংঘাতে তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়। তবে মুজাফফরনগরের পুলিশ সুপার হরিনারায়ণ সিং বিবিসিকে জানান, ‘পারিবারিক কলহের জেরে’ এ সংঘাতের শুরু।
উত্তর প্রদেশ ভারতের সবচেয়ে জনবহুল প্রদেশ। ১৯৯২ সালেও বাবরি মসজিদ ভাঙাকে কেন্দ্র করে ব্যাপক দাঙ্গা হয়েছিল প্রদেশটিতে।
আসছে বছরে ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। বিভিন্ন গণমাধ্যম বলছে, এ ধরনের কাণ্ড ঘটিয়ে কিছু রাজনৈতিক দল ধর্মের ভিত্তিতে ভোটারদের বিভক্ত করতে চাইছে।