মুজাফফরনগরে সহিংসতার পেছনে রাজনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে গতকাল বুধবার বলেছেন, উত্তর প্রদেশের মুজাফফরনগরে সাম্প্রদায়িক সহিংসতার পেছনে রাজনৈতিক দলগুলোর হাত থাকতে পারে। তিনি আরও ১১টি রাজ্যকে সাম্প্রদায়িক দাঙ্গার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন।
মুজাফফরনগরের সহিংসতায় গতকাল পর্যন্ত ৩৮ জন নিহত হয়েছে। পরিস্থিতি কিছুটা শান্ত হয়ে আসায় শহরে কারফিউ কয়েক ঘণ্টার জন্য শিথিল করা হয়েছে।
সাম্প্রদায়িক এ সহিংসতার পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ উঠেছে। এই অভিযোগের ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী সিন্ধে বলেন, ‘নির্বাচন ঘনিয়ে আসছে। নির্বাচন সামনে রেখে কিছু রাজনৈতিক দল এ ধরনের ঘটনা ঘটাতে পারে। এটা কেবল এই রাজ্যে নয়, অন্যান্য রাজ্যেও ঘটেছে। আমি সেসব রাজ্যের নাম বলছি না।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, গত শনিবার সংঘর্ষ ছড়িয়ে পড়ার কয়েক ঘণ্টা আগেই তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবকে সতর্ক করে দিয়েছিলেন। তিনি বলেন, ‘আমরা আরও ১১টি রাজ্যকে সতর্ক করে দিয়েছি।’
মুজাফফরনগরের কাওয়াল গ্রামের হত্যাকাণ্ডের তিন দিনের মাথায় কংগ্রেস ও বিএসপি নেতারা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে বৈঠক করেছেন। বিএসপির কাদের রানা ও জামিল আহমেদ এবং কংগ্রেসের সাঈদ-উজ-জামান ওই বৈঠকে সাম্প্রদায়িক উসকানিমূলক বক্তব্য দেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া বিজেপির চার আইনপ্রণেতাও শনিবার এক কৃষক সমাবেশে উসকানিমূলক বক্তব্য দেন। তাঁদেরই একজন সংগীত সোম ওই সমাবেশে একটি উসকানিমূলক ভুয়া ভিডিওচিত্র প্রকাশ করেন। পুলিশ বলেছে, ভিডিওচিত্রটি দুই বছরের পুরোনো। এমনকি এটি উত্তর প্রদেশের ঘটনাও নয়। এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়া।