পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ও বেলুচিস্তান ন্যাশনাল পার্টির (বিএনপি-এম) প্রধান সরদার আখতার মেঙ্গাল তিন বছর যুক্তরাজ্যে স্বেচ্ছায় নির্বাসনে ছিলেন। সম্প্রতি দেশে ফিরে তিনি বেলুচিস্তানের সংকট সমাধানের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে ছয় দফা দাবি তুলে ধরেছেন।সরদার আখতার মেঙ্গাল তাঁর ছয় দফা দাবিকে ১৯৬৬ সালে বাঙালিদের নেতা শেখ মুজিবুর রহমানের ছয় দফা দাবির সঙ্গে তুলনা করেছেন। কিন্তু শেখ মুজিব ও মেঙ্গালের ছয় দফা পর্যালোচনা করে দেখা গেছে, এই দাবিগুলোর মধ্যেমিল সামান্যই। প্রাসঙ্গিক বিবেচনায় পাঠকদের জন্য বঙ্গবন্ধু ও মেঙ্গালের ছয় দফার বিষয়বস্তু তুলে ধরা হলো: মেঙ্গালের ছয় দফায় রয়েছে: ১. বেলুচদের বিরুদ্ধে প্রকাশ্য ও গোপনে পরিচালিত সব ধরনের সামরিক অভিযান বন্ধ করতে হবে; ২. নিখোঁজ হওয়া সব মানুষকে আদালতে হাজির করতে হবে; ৩. গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) ও সামরিক গোয়েন্দা সংস্থার (এমআই) সৃষ্টি করা ডেথ স্কোয়াড বিলুপ্ত করতে হবে; ৪. বেলুচ জাতীয়তাবাদী রাজনৈতিক দলগুলোকে আইএসআই ও এমআইয়ের প্রভাব ছাড়া স্বাধীনভাবে রাজনীতি করতে দিতে হবে; ৫. বেলুচ জনগণকে হত্যা ও গুমের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে; এবং ৬. সামরিক অভিযানের ফলে বাস্তুচ্যুত হাজার হাজার বেলুচের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।অন্যদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয় দফা হলো: ১. লাহোর প্রস্তাবের ভিত্তিতে সংবিধান রচনা করে পাকিস্তানকে একটি ফেডারেশনে পরিণত করতে হবে, যেখানে সংসদীয় পদ্ধতির সরকার থাকবে এবং প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটে নির্বাচিত সংসদ ও রাজ্য পরিষদগুলো সার্বভৌম হবে; ২. কেন্দ্রীয় সরকারের হাতে শুধু প্রতিরক্ষা ও পররাষ্ট্র বিষয় থাকবে; ৩. পূর্ব ও পশ্চিম পাকিস্তানের জন্য দুটি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা চালু করতে হবে; ৪. আঞ্চলিক সরকারের হাতে সব ধরনের কর ও শুল্ক ধার্য ও আদায় করার ক্ষমতা থাকবে; ৫. দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা আয়ের পৃথক হিসাব থাকবে এবং অর্জিত বৈদেশিক মুদ্রা রাজ্যের হাতে থাকবে; ৬. প্রতিরক্ষায় পূর্ব পাকিস্তানকে স্বাবলম্বী করার লক্ষ্যে আধা সামরিক বাহিনী গঠন করতে হবে।আখতার মেঙ্গাল তাঁর ছয় দফা নিয়ে পাকিস্তানের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করছেন। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী ও প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফের সঙ্গে বৈঠকে মেঙ্গাল বলেন, শেখ মুজিবুর রহমানের ছয় দফার সঙ্গে তাঁর ছয় দফার পার্থক্য নেই। দাবি না মানলে বেলুচদের পক্ষে পাকিস্তানে থাকা সম্ভব নয়। স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক মেঙ্গালের এই দাবি নাকচ করে দিয়েছেন।বিশ্লেষকেরা বলেছেন, শেখ মুজিবুর রহমান ও আখতার মেঙ্গালের উল্লেখ করা দাবিগুলো বিশ্লেষণ করলে কিছু মিল এবং কিছু পার্থক্য দেখা যায়: ১. শেখ মুজিবের ছয় দফায় পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতার দাবি ছাড়া আর সবকিছুই উল্লেখ ছিল। কিন্তু আখতার মেঙ্গালের ‘কঠোর বা নরম হওয়া’ এখনো সংলাপ বা সমঝোতা প্রক্রিয়ার ফলের ওপর নির্ভর করছে। ২. শেখ মুজিবের মতো মেঙ্গালও একটি সাধারণ নির্বাচনের আগে আন্দোলন ও অসন্তোষের পরিস্থিতিতে স্পষ্টভাবে দফাগুলো তুলে ধরেন। শেখ মুজিবের দাবি উত্থাপনের পর আওয়ামী লীগ ১৯৭০ সালের নির্বাচনে বিশাল জয় পায়, যা ছয় দফার পক্ষে শক্ত ভিত্তি দেয়। মেঙ্গালের ছয় দফা এখনো পরিবর্তিত হতে পারে। বেলুচিস্তানের সংকট মীমাংসার সংলাপে এই ছয় দফা শর্ত হিসেবে আলোচনায় আসতে পারে। কেন্দ্রীয় সরকার যদি আগামী নির্বাচনের আগে সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করতে বেলুচ জাতীয়তাবাদীদের দাবিগুলো মেনে নেয়, তা হলে জাতীয়তাবাদীরাই সেখানে সরকার গঠন করবে। এরপর পাকিস্তানের সঙ্গে মীমাংসায় যাওয়া বা আলাদা হওয়ার বিষয়টি অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করবে। ৩. উভয় নেতা তাঁদের দফায় সংশ্লিষ্ট অঞ্চলে অন্যায় ও অবিচারের জন্য সামরিক বাহিনীর বিরুদ্ধে অভিযোগ করেছেন। জেনারেল আইয়ুব খানের সব ক্ষমতা ইসলামাবাদে কেন্দ্রীভূত করার নীতি ও প্রধান নির্বাহী জেনারেল পারভেজ মোশাররফের নীতির মধ্যে তেমন একটা পার্থক্য নেই। দ্য নেশন, দ্য নিউজ।