মুটিয়েযাওয়া সেনাপতির বিপদ
ব্রিটেনের নতুন সেনাপ্রধান জেনারেল স্যার পিটার ওয়াল নিজের মোটা শরীর নিয়ে খুবই বিব্রতকর অবস্থায় পড়েছেন। তিনি এতটাই স্থূলকায় যে তাঁর জন্য সরবরাহ করা উর্দিটি কোনোভাবেই গায়ে হচ্ছে না। তাই নিজের জন্য নতুন করে উর্দি বানাতে বাধ্য হয়েছেন। অতিরিক্ত মাপের এই উর্দি বানাতে খরচ পড়বে অন্তত এক হাজার পাউন্ড। মজার বিষয় হলো, নতুন উর্দি বানানোর খরচ সরকার বহন করছে না। নিজ খরচেই উর্দি বানাতে হবে নবনিযুক্ত সেনাপ্রধানকে। ব্রিটেনের প্রভাবশালী ট্যাবলয়েড ডেইলি মেইল এ তথ্য জানিয়েছে।জেনারেল পিটার ওয়াল গত সপ্তাহে সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নেন। তাঁর ওজন ১২৭ কেজি। উচ্চতা ছয় ফুট দুই ইঞ্চি। প্রচণ্ড ভোজনবিলাসী হওয়ায় লোকমুখে ‘খাদক’ হিসেবেই পরিচিত তিনি। ৫৫ বছরের পিটার ওয়াল যুবক বয়সে রাগবি খেলোয়াড় ছিলেন।সাধারণ খাবারের পাশাপাশি পিটার ওয়ালের বড় দুর্বলতা রয়েছে মদের প্রতি। রাতে খাবারের সময় মদ না হলে তাঁর চলেই না। হুইস্কি, ওয়াইন ও পোর্টের প্রতি প্রচণ্ড আসক্তি রয়েছে তাঁর।জেনারেল পিটার ওয়াল এর আগে কমান্ডার-ইন-চিফ অব ল্যান্ড ফোর্সেস হিসেবে দায়িত্ব পালন করেছেন। আশ্চর্যের বিষয় হলো, সে সময় তিনি নিজেই আফগানিস্তান যুদ্ধের জন্য সেনাদের প্রস্তুতিকল্পে শারীরিক যোগ্যতা প্রমাণের নির্দেশ দিয়েছিলেন। ব্রিটিশ সেনাবাহিনীতে নিযুক্ত সেনাসদস্য ও কর্মকর্তাদের প্রতিবছর শারীরিক যোগ্যতার প্রমাণ দিতে হয়। যাঁরা এ পরীক্ষায় উত্তীর্ণ হন, কেবল তাঁদেরই যুদ্ধের জন্য বাছাই করা হয়। কিন্তু পিটার ওয়াল গত ১০ বছরে একবারও এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি।ব্রিটিশ সেনাবাহিনীর একটি সূত্র জানিয়েছে, পিটার ওয়াল রাগবি খেলার সময় তাঁর শরীরের গঠন ছিল খুবই চমৎকার। কিন্তু এখন তিনি কমান্ডার ও নীতিনির্ধারক হিসেবে দায়িত্ব পালন করায় তাঁর দৌড়ঝাঁপ অনেকটাই কমে গেছে। এ কারণে তাঁর ওজনও অস্বাভাবিকভাবে বেড়েছে। তবে এ কারণে তাঁর দায়িত্ব পালনে মোটেও সমস্যা হচ্ছে না। জি নিউজ।