মুঠোফোনে তোলা ছবি দেখে ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটনাটি ঘটেছে গত ১০ সেপ্টেম্বর, উত্তর-পূর্ব ইংল্যান্ডের ইয়ার্ম রোডে। অ্যাপলের আইফোনে কথা বলতে বলতে হেঁটে যাচ্ছিলেন এক পথচারী। হঠাৎ আইফোনটি ছিনিয়ে নিয়ে গেল এক ছিনতাইকারী। সটকে পড়ল দ্রুত সাইকেল চালিয়ে।ছিনতাই যখন হচ্ছিল, তখন গাড়িতে করে বাবার সঙ্গে ওই রাস্তা দিয়ে যাচ্ছিল ১০ বছরের বালক অ্যালেক্স উইলসন। অ্যালেক্স মুঠোফোনে ছিনতাইকারী ক্রেইগ রয়েলের (২৪) ছবি তুলে রাখে। বাড়িতে ফিরে অ্যালেক্স সেই ছবি দ্রুত টুইটারে ছেড়ে দেয়। ছবির নিচে ক্যাপশনে লিখে, ‘এই বাজে লোকটি প্রায় ২০ মিনিট আগে ইয়ার্ম রোডে ছিনতাই করেছে।’ এরপর যা হওয়ার, তা-ই হয়েছে। টুইটারে ছবি দেখে রয়েলকে গ্রেপ্তার করেছে পুলিশ।ডার্লিংটনের ম্যাজিস্ট্রেট কোর্টে গত বৃহস্পতিবার হাজির করা হয় রয়েলকে। আদালতের কাছে তিনি ছিনতাইয়ের কথা স্বীকার করেছেন। আদালত তাঁকে চুরির অভিযোগে অভিযুক্ত করেন।পুলিশ বলেছে, অ্যালেক্সের সহযোগিতা ছাড়া রয়েলকে কোনোভাবেই অভিযুক্ত করা সম্ভব হতো না। পুলিশ ইন্সপেক্টর মার্ক হল বলেন, ‘ছিনতাইয়ের ঘটনায় প্রধান সাক্ষীই হলো এই শিশুটি। তার উপস্থিত বুদ্ধি ও সাহসিকতার কারণেই রয়েলকে শনাক্ত ও গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।’ ডেইলি মেইল অনলাইন।