মুঠোফোনে রিং হওয়া কিছুই প্রমাণ করে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার সেই নিখোঁজ উড়োজাহাজের কয়েকজন যাত্রীর মুঠোফোনে স্বজনেরা রিংটোন পাওয়ার খবরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। তবে বিশেষজ্ঞরা বলছেন, এতে প্রমাণিত হয় না যে ওই ফোনগুলো সচল রয়েছে।
গত শনিবার গভীর রাতে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে উধাও হয় মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজটি। এরপর থেকে যাত্রী ও ক্রুদের ভাগ্যে কী ঘটেছে, এ নিয়ে স্বজনদের উদ্বেগ- উৎকণ্ঠা বেড়েই চলেছে। ইতিমধ্যে বেশ কয়েকজন স্বজন দাবি করেছেন, উড়োজাহাজ উধাও হওয়ার কয়েক ঘণ্টা পরও কয়েকজন যাত্রীর মুঠোফোনে রিংটোন পাওয়া যায়। এতে তাঁদের ধারণা, বিমানটি বিধ্বস্ত হয়নি। কয়েক দিন ধরে আকাশে ও সাগরে কয়েকটি দেশের যৌথ তল্লাশির পরও ওই উড়োজাহাজের খোঁজ মেলেনি।
শনিবার উড়োজাহাজটি উধাও হওয়ার আগে পাইলটের কাছ থেকেও কোনো ধরনের বার্তা পাওয়া যায়নি। এই রহস্যেরও কিনারা হয়নি। যাত্রীদের মুঠোফোনে রিং হওয়ার খবর ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে বেশ হইচই ফেলে দেয়।
কিন্তু প্রযুক্তিবিষয়ক বিশ্লেষক ও ই-কমার্স টাইমস-এর কলাম লেখক জেফ কাগান সিএনএনকে বলেন, কোনো মুঠোফোনে কল করা হলে, তা প্রথমে নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হয়। পরে অন্য মুঠোফোনের সঙ্গে যুক্ত হয়। কোনো কারণে অপর প্রান্তের মুঠোফোনের সঙ্গে কয়েক মিনিটের মধ্যে সংযোগ সম্ভব না হলে, এমনি এমনি সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। ঘটনা তাই ঘটছে। যাত্রীদের স্বজনেরা কল করছেন। তাঁরা রিংটোন শুনছেন। আর ভাবছেন তাঁদের স্বজনদের মুঠোফোন সচল রয়েছে। সিএনএন।