জি-২০ সম্মেলনে মুদ্রাবিনিময় হারের অস্থিতিশীলতা সামাল দিতে ধনী দেশগুলো মুদ্রার ‘প্রতিযোগিতামূলক মূল্য হ্রাস’ নীতি পরিহার করতে সম্মত হয়েছে। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে দুই দিনব্যাপী এ সম্মেলন গতকাল শুক্রবার শেষ হয়।সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চীনের বিরুদ্ধে রপ্তানি বাড়াতে ভর্তুকি দিয়ে কৃত্রিমভাবে ডলারের বিপরীতে ইউয়ানের মান কমিয়ে রাখার অভিযোগটি আবারও তোলেন। ওবামা চীনকে তার মুদ্রার মান বাড়ানোরও তাগিদ দেন। তবে চীন তাতে সম্মত হয়নি।বাণিজ্যিক ভারসাম্যহীনতা বৈশ্বিক প্রবৃদ্ধিকে ক্ষতিগ্রস্ত করছে বলে স্বীকার করে জি-২০ ভুক্ত দেশগুলো এ অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য একটি ‘নির্দেশনামূলক নীতিমালার’ আওতায় আসার ব্যাপারে একমত হয়।সম্মেলনের শেষ দিনে গতকাল মুদ্রাবিনিময় ও বাণিজ্যের ভারসাম্যহীনতা কাটিয়ে ওঠার জন্য কী পন্থা অনুসরণ করা হবে, তা নিয়ে বেশ কয়েকটি দেশের প্রতিনিধিদের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। তাঁদের অনেকেই মনে করেন, মুদ্রার মান নিয়ে যুক্তরাষ্ট্র ও নতুন অর্থনৈতিক পরাশক্তি চীনের মধ্যে যে মতভেদ দেখা দিয়েছে, তা বৈশ্বিক প্রবৃদ্ধিকে হুমকির মুখে ঠেলে দিতে পারে।মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর ভাষণে বলেন, ভারসাম্যহীনতা দূর করার ক্ষেত্রে কোনো বিতর্ক ওঠা উচিত নয়। এ কৃত্রিম ভারসাম্যহীনতা বৈশ্বিক সংকট সৃষ্টিতে ভূমিকা রাখে। চীনের প্রতি ইঙ্গিত করে ওবামা বলেন, আর্থিক বাস্তবতার সঙ্গে সংগতি রেখেই মুদ্রাবিনিময়ের হার নির্ধারণ করতে হবে।ওয়াশিংটন বরাবরই অভিযোগ করে আসছে, চীন বিশ্ববাজারে তার পণ্যের রপ্তানি বাড়াতে কৃত্রিমভাবে ইউয়ানের মান কমিয়ে রেখেছে। অন্যদিকে চীন বলেছে, তারা তাদের মুদ্রা-তহবিল শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্য পূরণে বৈশ্বিক অর্থনীতির স্থিতিশীলতা তাদেরও দরকার।যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, অর্থনৈতিক ভারসাম্যহীনতা নিরসনে অগ্রগতি হয়েছে। তিনি বলেন, ধীরগতিতে হলেও চীন তার উৎপাদিত পণ্য অভ্যন্তরীণ বাজারে বেশি চালানোর দিকে মনোযোগী হয়েছে। এটা বৈশ্বিক ভারসাম্যের ক্ষেত্রে ইতিবাচক ফল বয়ে আনবে।জি-২০ প্রতিনিধিরা প্রতিযোগিতামূলক মুদ্রামান হ্রাস পরিহার করতে সম্মত হয়েছেন। সম্মেলনের ফল নিয়ে কোনো কোনো মহল প্রশ্ন তুললেও ইউরোপীয় ইউনিয়ন এক বিবৃতিতে এর ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেছে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি ও স্পেন যুক্ত এক বিবৃতিতে বলেছে, বাজার স্থিতিশীল রাখতে তারা একযোগে কাজ করবে।এদিকে, জি-২০ নেতারা এ মাসের শেষে মেক্সিকোর কানকুনে অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে একটি ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছতে সর্বোচ্চ চেষ্টা চালাবেন বলে মত দিয়েছেন। সম্মেলন শেষে প্রকাশ করা বিবৃতিতে ওই নেতারা বলেছেন, কানকুন সম্মেলন থেকে সাফল্য অর্জনের সুযোগ তাঁরা হাতছাড়া করবেন না। আগামী ২৯ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত কানকুনে এ সম্মেলন হবে। এএফপি ও বিবিসি অনলাইন।