‘এখন কেনাই ভালো।’ অবসরপ্রাপ্ত নিরাপত্তা-কর্মী আব্বাস সারাবিকে পরামর্শ দিলেন চাল বিক্রেতা। বিক্রেতার কথা শুনে বেশি করে চাল কিনতে রাজিও হলেন আব্বাস। এমন সময় বিক্রেতার কাছে ফোন এল। কথা শেষ করে বিক্রেতা জানালেন, এখন চালের দাম ১০ শতাংশ বেশি দিতে হবে। তাতেই রাজি হলেন আব্বাস। ‘অবশ্যই বাড়তি দামে এখনই চাল কিনব। আল্লাহই জানেন, আগামীকাল এই চালের দাম কোথায় গিয়ে ঠেকে।’ বললেন আব্বাস।ইরানের সাধারণ মানুষের অবস্থা আব্বাসের মতোই। এক সপ্তাহের মধ্যে ইরানের মুদ্রার মান ৪০ শতাংশ কমে যাওয়ায় কঠিন পরিস্থিতির মুখে পড়েছে তারা। রাজধানী তেহরানে বিক্ষোভ শুরু হয়েছে। সবখানেই আলোচনা চলছে, এই পরিস্থিতির জন্য কে দায়ী?ইরান বিতর্কিত পরমাণু কর্মসূচি অব্যাহত রাখায় যুক্তরাষ্ট্রের নেতৃত্বে দেশটির ওপর অবরোধ আরও কঠোর করা হয় কয়েক মাস আগে। ইরানের নেতারা পশ্চিমাদের শত চাপেও মাথা নত না করার অঙ্গীকার করেন। এই অবরোধ ইরানের ওপর কঠিন কোনো প্রভাব ফেলতে পারবে না বলে যুক্তরাষ্ট্রের ওই পদক্ষেপকে অবজ্ঞাও করেন ইরানের নেতারা। কিন্তু পরিস্থিতি এখন উল্টো।ইরানের খুব অল্প মানুষেরই নিজস্ব মুদ্রা রিয়ালের বদলে বিদেশি মুদ্রার প্রয়োজন হয়। এর মান ইরানের অর্থনীতির কয়েকটি সুস্পষ্ট সূচকের একটি। তাই বিদেশি মুদ্রার বিপরীতে রিয়ালের মান কমে যাওয়ায় দেশটির প্রধান নিত্যপণ্যগুলোর দাম অস্বাভাবিকভাবে বেড়ে গেছে।রাজধানী তেহরানের অনেক বাসিন্দা এখন মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান ও ব্যাংকগুলোতে ভিড় করছে রিয়াল দিয়ে বিদেশি মুদ্রা নেওয়ার জন্য। কেউ কেউ অলৌকিক কোনো ঘটনার জন্য অপেক্ষা করছে, যাতে বিদেশি মুদ্রার বিপরীতে রিয়ালের মূল্য আবারও স্বাভাবিক হয়। আহমাদ (৬৫) নামের একজন বললেন, অর্থবাজারেও রিয়ালের বিপরীতে বিদেশি মুদ্রার মান এত বেশি ওঠানামা করছে যে, কেউ বুঝতে পারছে না কখন রিয়াল ছেড়ে দিয়ে বিদেশি মুদ্রা নেওয়া সুবিধাজনক হবে। তিনি বলেন, ‘আমি হতাশ, একদম হতাশ। আমি স্বাভাবিক জীবন চাই। সকালে নাশতা খাওয়া থেকে শুরু করে রাতের খাবার খাওয়া পর্যন্ত সবাইকে এখন বিচলিতভাবে রিয়ালের অবস্থা নিয়ে কথা বলতে হয়।’পরিস্থিতি এতটাই ভয়াবহ যে, বিদেশে পড়াশোনা ছেড়ে সন্তানদের দেশে ফিরে আসতে বলছেন অনেক বাবা-মা। কারণ, রিয়ালের মান কমে যাওয়ায় মালয়েশিয়া ও ফিলিপাইনের মতো দেশেও সন্তানের পড়াশোনার খরচ জোগাতে পারছেন না কেউ কেউ।এই পরিস্থিতিতে গত মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ এক সংবাদ সম্মেলনে বলেন, অবরোধের কারণে তেল বিক্রির পরিমাণ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। প্রেসিডেন্টের এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করে বিরোধীরা বলছেন, নিজের অর্থনৈতিক অব্যবস্থাপনার বিষয়টি এড়িয়ে যেতে আহমাদিনেজাদ এমন ব্যাখ্যা দিচ্ছেন।অর্থনৈতিক বিশ্লেষকেরা ইরানের এই পরিস্থিতি নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। এক দল এই পরিস্থিতির জন্য কঠোর অবরোধকে দায়ী করলেও অন্য দল অভ্যন্তরীণ অব্যবস্থাপনাকে দায়ী করে। নিউইয়র্ক টাইমস।