পাকিস্তানের মুদ্রা থেকে মোহাম্মদ আলী জিন্নাহর ছবি সরিয়ে নিজের ছবি বসাতে চেয়েছিলেন দেশটির সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মোশাররফ। এমনকি সাবেক ওই স্বৈরশাসক যুদ্ধবিধ্বস্ত ইরাকে পাকিস্তানি সেনা পাঠানোর সিদ্ধান্তও নিয়েছিলেন। এ ছাড়া দেশটির পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খানকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার সব আয়োজন করেছিলেন। কিন্তু ওই সময়ের প্রধানমন্ত্রী মির জাফরুল্লাহ খান জামালি বাধা দেওয়ায় জেনারেল মোশাররফ তাঁর কোনো হীন উদ্দেশ্যই চরিতার্থ করতে পারেননি।মির জাফরুল্লাহ গত বুধবার জিয়ো টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেছেন।সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তানি মুদ্রা থেকে পাকিস্তানের জনক কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহর ছবি অপসারণ করে নিজের ছবি ছাপাতে চেয়েছিলেন সাবেক প্রেসিডেন্ট মোশাররফ। কিন্তু আমি জোরালোভাবে এতে বাধা দিই। তাঁকে বলি, এটা কোনোভাবেই হতে পারে না। কেউই জাতির জনকের বিকল্প হতে পারেন না।’ তিনি বলেন, তবে মোশাররফকে কে বা কারা এ কাজ করতে পরামর্শ দিয়েছিলেন, সে সম্পর্কে কিছুই জানা যায়নি।জাফরুল্লাহ আরও বলেন, সাবেক এই স্বৈরশাসক পাকিস্তানি সেনাদের ইরাক যুদ্ধে পাঠাতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০০৩ সালে মিশরের ক্যাম্প ডেভিডে সাক্ষাৎকালে দুই নেতার মধ্যে এ বিষয়ে কথাবার্তা চূড়ান্ত হয়। সাবেক প্রধানমন্ত্রী বলেন, ‘এরপর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট বুশের সঙ্গে সাক্ষাৎকালে আমি বলি, পার্লামেন্টের অনুমোদন ছাড়া পাকিস্তানি সেনাদের কোনোভাবেই আমি ইরাকে পাঠাতে পারি না। তার পরই পার্লামেন্ট ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন মোশাররফ। তাঁর উদ্দেশ্য ছিল একটাই, যে করেই হোক ইরাকে সেনা পাঠানো চাই।’জাফরুল্লাহ বলেন, মোশাররফের আইনি পরামর্শক শরিফুদ্দিন পিরজাদা পার্লামেন্ট ভেঙে দেওয়ার খসড়া নির্দেশনামাও তৈরি করেছিলেন। কিন্তু তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কলিন পাওয়েল শেষ মুহূর্তে এ সিদ্ধান্ত বদলানোর নির্দেশ দেন।সাবেক ওই প্রধানমন্ত্রী আরও জানান, ২০০৪ সালে পাকিস্তানের পরমাণু বিজ্ঞানী আবদুল কাদির খানকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে চেয়েছিলেন জেনারেল মোশাররফ। এ উদ্দেশ্যে যুক্তরাষ্ট্র থেকে একটি বিশেষ বিমানও ইসলামাবাদে পৌঁছায়। তিনি বলেন, ‘কিন্তু আমার বাধায় কাদির খানকে যুক্তরাষ্ট্রে পাঠানোর উদ্যোগ ব্যর্থ হয়ে যায়।’সাবেক প্রধানমন্ত্রী দাবি করেন, পারভেজ মোশাররফ পাকিস্তানের স্টিল মিলস ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানকে বেসরকারীকরণেরও উদ্যোগ নিয়েছিলেন। এ ছাড়া নিউইয়র্কে রুজভেল্ট হোটেলও বিক্রির চেষ্টা করেছিলেন। কিন্তু তাঁর বাধায় এর কোনোটিই সম্ভব হয়ে ওঠেনি। রুজভেল্ট হোটেলের মালিক হলো পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)।জাফরুল্লাহ বলেন, এ সব কারণেই মোশাররফের সঙ্গে তাঁর বিরোধ লেগে থাকত।২০০২ সালে সাধারণ নির্বাচনের পর পার্লামেন্টের ভোটাভুটিতে জাফরুল্লাহ প্রধানমন্ত্রী নির্বাচিত হন। ১৯৯৯ সালে মোশাররফের নেতৃত্বে সেনা অভ্যুত্থানের পর এটাই ছিল পাকিস্তানের প্রথম নির্বাচন। ২০০৪ সালের ২৬ জুন পদত্যাগ করেন জাফরুল্লাহ। পারভেজ মোশাররফ ওই সময় অর্থমন্ত্রী শওকত আজিজকে তাঁর স্থলাভিষিক্ত করতে চাওয়ায় তিনি পদত্যাগ করেন।২০০৮ সালে পদত্যাগের পর থেকে পারভেজ মোশাররফ লন্ডনে অবস্থান করছেন। টাইমস অব ইন্ডিয়া।