মুনের বিরুদ্ধে নেতানিয়াহুর অভিযোগ

জাতিসংঘের মহাসচিব বান কি মুন ‘সন্ত্রাসকে উৎসাহিত’ করছেন বলে অভিযোগ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, জাতিসংঘের মহাসচিবের সাম্প্রতিক কিছু বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে ওই অভিযোগ এনেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী।
ফিলিস্তিনিদের প্রসঙ্গে বান কি মুন বলেছিলেন, দখলদারির (ইসরায়েলি) বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখানোই নিপীড়িত মানুষের প্রকৃতি।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বক্তৃতায় বান কি মুন সম্প্রতি ইসরায়েলিদের ছুরিকাঘাতের শিকার হওয়ার ঘটনারও নিন্দা করেন।
বান কি মুন বলেছিলেন, কিছু ফিলিস্তিনি, বিশেষ করে তরুণদের মধ্যে গভীর বিচ্ছিন্নতা ও হতাশার অনুভূতি থেকে হামলার ঘটনা ঘটছে। অর্ধশতকের দখলদারি ও শান্তি-প্রক্রিয়ায় অচলাবস্থার কারণে ফিলিস্তিনিদের মধ্যে হতাশা বাড়ছে।
জাতিসংঘের মহাসচিব আরও বলেছিলেন, ইসরায়েলি বসতি স্থাপনের প্রকল্প একটি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে তেলআবিবের প্রতিশ্রুতির বিষয়ে সন্দেহ সৃষ্টি করে।
বান কি মুনের ওই বক্তব্যের প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে নেতানিয়াহু বলেছেন, জাতিসংঘ মহাসচিবের মন্তব্য সন্ত্রাসকে উৎসাহিত করে।
গত অক্টোবর থেকে এ পর্যন্ত ১৫৫ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলি নিহত হয়েছে ২৮ জন।