মুম্বাই পুলিশের পাঁচ কর্মকর্তা বরখাস্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুম্বাই পুলিশের সঙ্গে যে মাফিয়াদের গোপন যোগাযোগ রয়েছে, তা আরও একবার প্রমাণিত হলো। মুম্বাইয়ের কুখ্যাত মাফিয়া ডন ছোটা শাকিলের এক সাগরেদের বাড়িতে বড়দিন ঘিরে আয়োজিত এক পার্টিতে যোগ দিয়েছিলেন পুলিশের পাঁচ কর্মকর্তা। শুধু যোগ দিয়েই ক্ষান্ত হননি তাঁরা, হিন্দি গানের তালে উদ্দাম নাচে নেচেছেন। ওই অনুষ্ঠানের খবর প্রকাশ হওয়ার পর গোটা দেশে রীতিমতো হইচই শুরু হয়। ওই পাঁচ কর্মকর্তা হলেন পুলিশের ডেপুটি কমিশনার ভি এন সালভে, সহকারী কমিশনার প্রকাশ ওয়ানি, জ্যেষ্ঠ পরিদর্শক আর এস খাকলে, পরিদর্শক প্রফুল ফাদকে ও সহকারী পরিদর্শক টি সালুখে। অপরাধ প্রমাণিত হওয়ায় মুম্বাইয়ের পুলিশ কমিশনার ডি শিবানন্দন শনিবার ওই পাঁচ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করার সুপারিশ করেন। গতকাল রোববার সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী অশোক চৌহান রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাতিলের সঙ্গে বৈঠক করে পুলিশের ওই পাঁচ কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নেন।মাফিয়া ডন ছোটা শাকিলের সাগরেদ পলসন জোসেফ চেম্বুরের একটি ক্লাবে বড়দিন উপলক্ষে ওই পার্টির আয়োজন করেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুখ্যাত অপরাধী ডি কে রাও, সুনীল পোদ্দার ওরফে পোটোয়া, ফরিদ তানাশা। তাঁরা সবাই সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছেন। এর মধ্যে ডি কে রাও ১৩ বছর জেল খেটেছেন। তাঁদের সম্মানে আয়োজন করা হয়েছিল ওই পার্টির। মোবাইল ফোনে ধারণ করা ওই অনুষ্ঠানের নাচের ছবি মুম্বাইয়ের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল ও খবরের কাগজে প্রকাশ হওয়ার পরই দেশজুড়ে হইচই পড়ে যায়। অবশ্য ওই ছবি বিকৃত ও সাজানো বলে দাবি করেছিলেন পুলিশ কর্মকর্তা প্রকাশ ওয়ানি। তবে সে দাবি ধোপে টেকেনি।