মুম্বাই স্টাইলে কোনো হামলা হলে শান্তি-প্রক্রিয়া নস্যাৎ হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং পাকিস্তানকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ভারতে মুম্বাই স্টাইলে আর কোনো হামলা হলে নয়াদিল্লি-ইসলামাবাদ শান্তি-প্রক্রিয়ার পদক্ষেপ নস্যাৎ হয়ে যাবে। মালদ্বীপে অনুষ্ঠিত দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) সপ্তদশ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি বৃহস্পতিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে বৈঠক করেন মনমোহন। ওই বৈঠকে তাঁরা দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ‘নতুন অধ্যায়’ সূচনার আশাবাদ ব্যক্ত করেন। এরপর গত শনিবার মালদ্বীপ থেকে ফেরার পথে বিমানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন মনমোহন সিং। প্রধানমন্ত্রী মনমোহন বলেন, ভারত প্রতিবেশী দেশ পাকিস্তানের বেসামরিক সরকারের হাত শক্তিশালী করতে চায়। তাঁর বিশ্বাস, পাকিস্তানের প্রধানমন্ত্রী গিলানি এটা ‘স্পষ্টভাবে বোঝেন’ ভারতে আবার ‘মুম্বাই স্টাইলে হামলা হলে দুই দেশের সম্পর্ক আগের অবস্থায় ফিরে যাবে।’ তিনি বলেন, ‘আমি মনে করি সম্পর্ক উন্নয়ন, বাণিজ্য ও সন্ত্রাসবাদ-সম্পর্কিত বিষয়গুলো নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী গিলানি আমাদের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত আছেন।’ পাকিস্তানের সঙ্গে বিশেষ করে বাণিজ্য ও অর্থনৈতিক ক্ষেত্রে সম্পর্কোন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেন মনেমাহন। ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর থেকে দক্ষিণ এশিয়ার পরমাণু ক্ষমতাধর দুই দেশ ভারত ও পাকিস্তান তিনটি যুদ্ধে লিপ্ত হয়। এর মধ্যে দুটি যুদ্ধই হয় মুসলিম অধ্যুষিত কাশ্মীরকে কেন্দ্র করে। ২০০৮ সালে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা চালানো হলে নয়াদিল্লি এ জন্য পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠনকে দায়ী করে। এতে দুই দেশের সম্পর্কে চরম অবনতি ঘটে। ওই হামলায় ১৬৬ জন নিহত হয়।মনমোহন সিং বলেন, পাকিস্তানের সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে প্রায়ই অভিযোগ ওঠে, তারা ভারতে হামলার জন্য দেশটির বিভিন্ন জঙ্গি সংগঠনকে সহায়তা করে। এটা শান্তি-প্রক্রিয়ার ক্ষেত্রে বাধা। পাকিস্তান সফরে গিলানির আমন্ত্রণ প্রসঙ্গে মনমোহন বলেন, পাকিস্তান সফরের ‘সঠিক সময়’ তখনই আসবে, যখন ইসলামাবাদ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘কঠোর পদক্ষেপ’ নেবে। তবে তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী গিলানিকে ‘শান্তির মানুষ’ অভিহিত করে তাঁর প্রশংসা করেন।ভারতের প্রধানমন্ত্রী বলেন, ‘পাকিস্তানের সঙ্গে দ্বিতীয় পর্যায়ের আলোচনা খুব কম সময়ের মধ্যে শুরুর প্রত্যাশা নিয়ে আমি মালদ্বীপ থেকে ফিরছি।’ বাণিজ্যিক সম্পর্কোন্নয়নে ভারত ও পাকিস্তানের বাণিজ্যসচিব পর্যায়ের দুই দিনব্যাপী বৈঠক আজ সোমবার শুরু হওয়ার কথা রয়েছে। এএফপি।