মুম্বাই হামলা নিয়ে নির্মিত চলচ্চিত্র মুক্তি পাচ্ছে
২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার ওপর তৈরি হিন্দি চলচ্চিত্র অশোক চক্র আগামী ২৮ মে মুক্তি পাচ্ছে। ইতিমধ্যে ছবির বিজ্ঞাপন প্রচার শুরু হয়েছে মুম্বাইয়ে। বিজ্ঞাপনে ছত্রপতি শিবাজী রেলস্টেশনে হামলা অংশ নেওয়া পাকিস্তানি জঙ্গি আজমল আমীর কাসাবের সেই বন্দুক হাতে ছবিটি ব্যবহার করা হয়েছে। বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত খবর, প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলার পরই চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে বলে জানিয়েছেন এর পরিচালক এসপি মুনেশ্বর। আড়াই কোটি রুপি ব্যয়ে নির্মিত এ হিন্দি ছবিতে সাহসী জওয়ান ও মুম্বাই পুলিশদের তুলে ধরা হয়েছে, যাঁরা জীবন বিপন্ন করে জঙ্গি দমনের লড়াই চালিয়ে গিয়েছিলেন। ওই চলচ্চিত্রে কাসাবের ভূমিকায় দেখা যাবে নবাগত অভিনেতা রাজন ভার্মাকে। ছবিটি মুক্তি পেতে চলেছে কাসাবের ফাঁসির আদেশ দেওয়ার তিন সপ্তাহ পরই। এর আগে এমন ছবি তৈরি করার পরিকল্পনা করেছিলেন পরিচালক রামগোপাল ভার্মা। ২৬/১১ মুম্বাই সন্ত্রাসী হামলার পরই তৎকালীন মুখ্যমন্ত্রী বিলাশ রাও দেশমুখ ও তাঁর ছেলে বলিউডের অভিনেতা ঋতেশ দেশমুখের সঙ্গে তাজ হেটেলে গিয়ে তিনি জনরোষের শিকার হন। পরে ছবি করার পরিকল্পনাই মাথা থেকে সরিয়ে দেন রামগোপাল।২০০৮ সালের ২৬ নভেম্বর ১০ জন জঙ্গি মুম্বাইয়ে সন্ত্রাসী হামলা চালায়। এতে ১৬৬ জন নিহত হয়।