মুম্বাই হামলার প্রধান সন্দেহভাজন ব্যক্তি গ্রেপ্তার
২০০৮ সালে মুম্বাইয়ে সমন্বিত সন্ত্রাসী হামলায় জড়িত প্রধান সন্দেহভাজন ব্যক্তিকে ভারতীয় পুলিশ গ্রেপ্তার করেছে। ভয়াবহ ওই হামলায় ১৬৬ জন নিহত ও তিন শতাধিক মানুষ আহত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা পিটিআই গতকাল সোমবার আবু হামজা (৩০) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করেছে। হামজা পাকিস্তানি জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তাইয়েবার একজন ভারতীয় বংশোদ্ভূত সদস্য। তিনি সৈয়দ জাবিউদ্দিন নামেও পরিচিত।পাকিস্তানের করাচি থেকে যে কয়জন জঙ্গিনেতা মুম্বাই হামলা পরিচালনা করেছিলেন, হামজাকে তাঁদের অন্যতম বলে মনে করা হয়। টেলিফোনে তাঁর নির্দেশনা অনুযায়ী অস্ত্রশস্ত্রে সজ্জিত ১০ জঙ্গি মুম্বাইয়ের দুটি বিলাসবহুল হোটেল, একটি ইহুদি কেন্দ্র, একটি রেস্তোরাঁ ও একটি রেলস্টেশনে হামলা চালায়। হামজাকে গত ২১ জুন মধ্যপ্রাচ্য থেকে ভারতে আসার পর দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। এর পর থেকে তাঁকে পুলিশ হেফাজাতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।মুম্বাইয়ে রুদ্ধশ্বাস ৬০ ঘণ্টার ওই হামলায় সরাসরি অংশগ্রহণকারীদের মধ্যে কেবল পাকিস্তানি নাগরিক আজমল আমির কাসাবই জীবিত ধরা পড়েন। মুম্বাইয়ের সর্বোচ্চ আদালত গত বছর তাঁর বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেন। এএফপি।