মুম্বাই হামলায় জড়িত জান্দাল ভারতের চর: মালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী রেহমান মালিক অভিযোগ করেছেন, মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় জড়িত আবু জান্দাল ভারতীয় গোয়েন্দা সংস্থার চর হিসেবে কাজ করেছেন। করাচিতে বসে লস্কর-ই-তাইয়েবার ১০ সদস্যকে দিয়ে মুম্বাই হামলা পরিচালনা করেছেন জান্দাল।ভারতের প্রভাবশালী দৈনিক টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে আলাপকালে ভারত সফররত মালিক এ অভিযোগ করেন। তিনি বলেন, ‘আবু জান্দাল ভারতীয় নাগরিক। তিনি ও তাঁর লোকজন কীভাবে পাকিস্তানে গেলেন, সে ব্যাপারে আমরা কিছুটা কৌতূহলী। জান্দাল অপরাধী হিসেবে পরিচিত এবং ভারতের গোয়েন্দা সংস্থার চর হিসেবে কাজ করেছেন। এটা আমার মুখের কথা নয়, জান্দাল নিজেই এ কথা স্বীকার করেছেন। আমি এর তথ্যপ্রমাণ দেখাতে পারব।’পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, মুম্বাই হামলায় আরও দুজন ভারতীয় নাগরিক জড়িত। এ হামলার সঙ্গে পাকিস্তানের কোনো ধরনের সংশ্লিষ্টতার অভিযোগ আবারও অস্বীকার করেন মালিক।২০০৮ সালের নভেম্বরে মুম্বাইয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলায় অন্তত ১৬৪ জন নিহত হয়। আহত হয় তিন শতাধিক। হামলার সঙ্গে জড়িত একজনকে জীবিত আটক করা হয়। আজমল কাসাব নামের ওই ব্যক্তিকে গত ২১ নভেম্বর ভারতের পুনের একটি কারাগারে ফাঁসি দেওয়া হয়। কাসাব পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবার সদস্য। টিএনএন।