মুম্বাইতে ভবনধসে মৃতের সংখ্যা ৫০
ভারতের মুম্বাইতে শুক্রবারের ভবনধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০। এখনো ধ্বংসস্তূপের নিচে অনেকে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। ভবনটি ধসের কারণ এখনো জানা যায়নি।
উদ্ধারকর্মীরা ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কাজ চালিয়ে যাচ্ছেন। ঘটনার প্রায় ১২ ঘণ্টা পর এক কিশোরীকে উদ্ধারকর্মীরা জীবিত উদ্ধার করেন।
ঘটনাস্থলে প্রীতি পাওয়ার নামের এক নারী বলেন, ‘আমার পরিবারের পাঁচজন এ বাড়ির নিচে চাপা পড়েছে। এর মধ্যে দুজন জীবিত বেরিয়ে আসতে সক্ষম হয়েছে। আমি প্রার্থনা করছি, যেন বাকিরা জীবিত বেরিয়ে আসতে পারে।’
পুলিশ ভবনটির নিচতলায় অফিস ভাড়া নেওয়া এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। তিনি অবৈধভাবে সেখানে সংস্কারকাজ করেছিলেন।
সরকারি কর্মকর্তারা এর আগে বলেছিলেন, পূর্ব মুম্বাইয়ের মাজগাঁও এলাকায় অবস্থিত বাড়িটি ধসে ৯০ জন মানুষ চাপা পড়েছে।
ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে সাম্প্রতিক সময়ে কয়েকটি ভবনধসের ঘটনা ঘটেছে। শুধু এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এ নগরে পাঁচটি ভবন ধসে ১০০ জনের বেশি মানুষ মারা যায়। অনেক ঘটনাতেই নিম্নমানের নির্মাণকাজের অভিযোগ ছিল।
মুম্বাইতে জমির দাম ও ভাড়ার হার এশিয়ার অন্যতম সর্বোচ্চ। এ কারণে সেখানকার অনেক মানুষ পুরোনো জরাজীর্ণ ভবনে বাস করতে বাধ্য হন। বিবিসি, টাইমস অব ইন্ডিয়া।