মুম্বাইয়ে আবার ভবনধস, অন্তত ১০ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ের উপকণ্ঠে গতকাল শুক্রবার তিনতলা একটি ভবন ধসে পড়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। ধসে পড়া ভবনের ভেতরে অনেকেই আটকা পড়েছিলেন। তাঁদের উদ্ধারে অভিযান চলছে। মুম্বাই থেকে ৩৫ কিলোমিটার দূরে থানে শহরে এই ভবনধসের ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে ভারতে প্রায়ই এ ধরনের ঘটনা ঘটে থাকে। এর জন্য নিম্নমানের নির্মাণকৌশলকে দায়ী করা হয়। থানে মিউনিসিপ্যাল করপোরেশনের মুখপাত্র সন্দীপ মালভি জানান, গতকাল হঠাৎ করেই ভবনটি ধসে পড়ে। আহত ব্যক্তিদের মধ্যে ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভবনটিতে নয়টি পরিবার বাস করত। ধসের সময় ভবনের বেশির ভাগ বাসিন্দাই ঘুমিয়ে ছিলেন। সন্দীপ মালভি জানান, ভবনটি ১৯৭৯ সালে নির্মাণ করা হয়েছিল। কয়েক দিন ধরেই ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। পুরোনো ভবন হওয়ায় বেশি বৃষ্টির কারণেই সম্ভবত এটি ধসে পড়ে। মালভি আরও জানান, ধসে পড়া ভবনের ভেতরে আটকা পড়া লোকজনকে উদ্ধারে অভিযান চলছে। থানে শহরে গত এপ্রিলে একটি ভবনধসে অন্তত ৭৪ জন নিহত হন। আর চলতি মাসের প্রথম দিকে মুম্বাইতে পাঁচতলা একটি ভবনধসে চারজন প্রাণ হারান। এপ্রিলের ভবনধসের ঘটনায় অবৈধভাবে বহুতল ভবন নির্মাণে যোগসাজশের অভিযোগে নয় ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন ভবন নির্মাতা, পুলিশ কর্মকর্তা ও স্থানীয় মিউনিসিপ্যালিটির কর্মকর্তা। এর আগে ২০১০ সালে দিল্লিতে একটি ভবনধসে ৬৯ জনের প্রাণহানি ঘটে। বিবিসি।