মুম্বাইয়ে আগুনে একই পরিবারের আটজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের মুম্বাইয়ে আজ বৃহস্পতিবার সকালে অগ্নিদগ্ধ হয়ে একই পরিবারের আটজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে দুজন।

সকাল ছয়টার দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আহত দুজনকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

গণমাধ্যমের খবরে জানানো হয়, মুম্বাইয়ের জুহু গলির ওষুধের একটি দোকানে আগুন লাগে। পরে তা দোকানের দ্বিতীয় তালায় ছড়িয়ে পড়ে। সেখানে খান পরিবারের বাস। এই পরিবারের আট সদস্য ঘুমন্ত অবস্থায় অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, সকাল ছয়টার দিকে ওষুধের দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। একপর্যায়ে আগুন দোকানের দোতলায় ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের ধারণা, ওষুধের দোকানে হয়তো কোনো দাহ্য পদার্থ ছিল। তা থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। ঘুমিয়ে থাকা লোকজন প্রথমে কিছু বুঝতে পারেনি। পরে আগুন ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। এ সময় তারা সাহায্যের জন্য চিৎকার করে। এলাকার লোকজন ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা এসে আগুন নেভায়। অগ্নিদগ্ধ ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে আটজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।