মুম্বাইয়ে আলোকচিত্রীকে ধর্ষণের ঘটনায় চারজন দোষী
ভারতের মুম্বাইয়ে গত বছর দায়িত্ব পালনকালে নারী আলোকচিত্রী গণধর্ষণের শিকার হওয়ার ঘটনায় আদালত আজ বৃহস্পতিবার চারজনকে দোষী সাব্যস্ত করেছেন। তবে আগামীকাল শুক্রবার তাঁদের সাজা ঘোষণা করা হবে।
আজ টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, গত বছরের আগস্টে পরিত্যক্ত একটি কারখানায় ছেলে সহকর্মীর সঙ্গে ছবি তুলতে গিয়ে ২২ বছর বয়সী ওই তরুণী গণধর্ষণের শিকার হন।
যাঁদের দোষী সাব্যস্ত করা হয়েছে তাঁরা হলেন মোহাম্মদ সালিম আনসারী, সিরাজ রেহমত খান, বিজয় মোহন যাদব ও মোহাম্মদ কাশিম হাফেজ শেখ ওরফে কাশিম বাঙালি। দক্ষিণ মুম্বাইয়ের আদালতে রায় ঘোষণার সময় আজ তাঁদের হাজির করা হয়।
বিচারক শালিনী ফানসালকার যোশী বলেন, এই চারজন তরুণীর সঙ্গে জোর করে যৌন-সম্পর্ক করেছেন বলে প্রমাণিত হয়েছে।
কাল এই চারজনের সাজা ঘোষণা করা হবে। তাঁদের যাবজ্জীবন কারাদণ্ড হওয়ার আশঙ্কা রয়েছে।
চলন্ত বাসে গণধর্ষণের শিকার হয়ে মেডিকেলছাত্রীর মৃত্যু ও দায়িত্বপালন করতে গিয়ে নারী আলোকচিত্রী গণধর্ষণের শিকার হওয়ার ঘটনায় নারীর নিরাপত্তা নিয়ে গোটা ভারত উত্তাল হয়।