ভারতের মুম্বাইয়ে গত এক দশকে ট্রেন দুর্ঘটনায় ৩৫ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে। গতকাল শুক্রবার প্রকাশিত গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।সরকারি রেলওয়ে পুলিশের বরাত দিয়ে ডেইলি নিউজ ও অ্যানালাইসিস পত্রিকার প্রতিবেদনে বলা হয়, ২০০২ সাল থেকে চলতি বছরের নভেম্বর পর্যন্ত ওই রেল নেটওয়ার্কে ৩৬ হাজার ১৫২ জন নিহত ও আরও ৩৬ হাজার ৬৮৮ জন আহত হয়েছে। অর্থাৎ, গড়ে প্রতিদিন প্রায় ১০ জন বা বছরে তিন হাজারেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে ট্রেন দুর্ঘটনায়। মুম্বাইয়ের রেল নেটওয়ার্কে প্রতিদিন প্রায় ৭০ লাখ মানুষ যাতায়াত করে। এই জনবহুল নগরে রোজকার একটি জটিল সমস্যা সড়কপথে তীব্র যানজট। সে ক্ষেত্রে রেলপথ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তবে উচ্চ তাপমাত্রা ও আর্দ্রতার মতো সমস্যা মোকাবিলায় চলন্ত অবস্থায়ও ট্রেনের দরজা খোলা রাখা হয়। এ ছাড়া স্থান সংকুলান না হওয়ায় অনেক যাত্রী ট্রেনের বগিতে ঝুলে যাতায়াত করে। এতে ট্রেন থেকে পড়ে গিয়ে, রেললাইনের পাশের খুঁটির আঘাতে বা রেললাইন পার হওয়ার সময় ট্রেনের নিচে কাটা পড়ে অনেকের মৃত্যু হয়। আবাসন সমস্যার কারণে অনেক গরিব মানুষ রেললাইনের পাশের বস্তিতে বাস করে। এতে ট্রেন দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এএফপি।