মুম্বাইয়ে পদদলিত হয়ে ১৮ জনের প্রাণহানি
ভারতের মুম্বাই নগরের মালাবার হিল এলাকায় গত শুক্রবার গভীর রাতে পদদলিত হয়ে অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রায় ৫০ জন আহত হয়েছে। শিয়া মুসলিম সম্প্রদায়ের একজন আধ্যাত্মিক নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে অনুসারীরা তাঁর বাড়ির ফটকে গিয়ে ওই দুর্ঘটনার কবলে পড়ে।
শিয়া সম্প্রদায়ের দাউদি বোহ্রা গোষ্ঠীর নেতা সাইদিনা মোহাম্মদ বুরহানুদ্দিন ১০২ বছর বয়সে শুক্রবার শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মরদেহ বাড়িতেই রাখা হয়েছিল শিষ্যদের শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য। সেখানে দেশ-বিদেশের হাজারো ভক্ত-অনুসারী জড় হয়।
মুম্বাই পুলিশের শীর্ষ কর্মকর্তা সত্যপাল সিং বলেন, শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানের আয়োজকেরা বাড়িটির ফটক বন্ধ করে দিয়েছিলেন। সেখানে লোকসমাগম এত বেশি হয়েছিল যে মানুষ দম বন্ধ বোধ করতে শুরু করে। একপর্যায়ে কয়েকজন অসুস্থ হয়ে পড়লে অনেকে আতঙ্কে দৌড়াদৌড়ি শুরু করে। এতে লোকে পরস্পরের ওপরে হুমড়ি খেয়ে পড়ে এবং একপর্যায়ে পায়ের নিচে চাপা পড়ে। লোকজনের উপস্থিতির মাত্রা সম্পর্কে আগাম অনুমানে ব্যর্থতার কারণেই পুলিশ বা আয়োজক সংগঠনের পক্ষে ভিড় সামলানো সম্ভব হয়নি।
বুরহানুদ্দিন পাঁচ দশকব্যাপী তাঁর গোষ্ঠীর নেতৃত্ব দিয়েছেন। জর্ডান ও মিসর সরকার তাঁকে বিশেষ সম্মাননা ও সর্বোচ্চ বেসামরিক পদবিতে ভূষিত করে। উত্তরসূরি হিসেবে এখন দায়িত্ব পালন করবেন তাঁরই ৭০ বছর বয়সী ছেলে সাইদিনা মুফাদ্দাল সাইফুদ্দিন।
ভারতে বসবাসরত শিয়া মুসলমান সম্প্রদায়ের উৎস মূলত ইয়েমেন। গুজরাট রাজ্যে বোহ্রা মুসলমান সম্প্রদায়ের একটি বড় অংশের উপস্থিতি রয়েছে। তাদের অধিকাংশই ব্যবসায়ী।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) মনোনীত প্রধানমন্ত্রী পদপ্রার্থী ও গুজরাট রাজ্যের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি মুম্বাইয়ে পদপিষ্ট হয়ে হতাহতের ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ উল্লেখ করে মৃত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এএফপি ও রয়টার্স।