‘মাই নেম ইজ খান’ ছবির মুক্তি আজ
মুম্বাইয়ে প্রেক্ষাগৃহগুলোতে নিরাপত্তা জোরদার, ১৬০০ শিবসেনা গ্রেপ্তার
ভারতের মুম্বাইয়ের প্রেক্ষাগৃহগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। কিং খান হিসেবে পরিচিত শাহরুখ খানের ‘মাই নেম ইজ খান’ ছবির মুক্তির বিরুদ্ধে কট্টরপন্থী শিবসেনাদের হুমকির পরিপ্রেক্ষিতে এ নিরাপত্তা জোরদার করা হয়। এদিকে ভারতের মুম্বাই পুলিশের জয়েন্ট কমিশনার জানিয়েছেন, এ ছবির বিরোধিতা করা ও হুমকি দেওয়ায় গত দুই দিনে এক হাজার ৬০০ শিবসেনার সমর্থক ও কট্টরপন্থীকে গ্রেপ্তার করা হয়েছে। মাই নেম ইজ খান ছবিটি আজ শুক্রবার ভারতে মুক্তি পাওয়ার কথা। ছবিটিতে পাকিস্তানের ক্রিকেটারদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার প্রতি সমর্থন জানানো হয়। বাস্তবে পাকিস্তানি ক্রিকেটারদের আইপিএলে খেলায় নিষেধাজ্ঞা রয়েছে। এই সমর্থনের বিরোধিতা করছে শিবসেনা। তারা শাহরুখ খানের প্রতি বিষোদগার করে।মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাতিল বলেছেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। সিনেমা হলের মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে, হলে নাইট ভিশন ক্যামেরা লাগাতে। পুলিশ জানিয়েছে, অন্তত ৬০টির বেশি সিনেমা হলে কঠোর নিরাপত্তা নেওয়া হয়েছে। পিটিআই।