মুম্বাইয়ে ফটোসাংবাদিক ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
ভারতের মুম্বাই নগরে এক নারী ফটোসাংবাদিককে গণধর্ষণের ঘটনায় তিনজনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন দেশটির এক আদালত। আজ শুক্রবার এ রায় ঘোষণা করা হয়।
মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামির নাম কাশিম বেঙ্গলি, বিজয় যাদব ও মোহাম্মদ সালিম।
রায় ঘোষণার পর আদালতের বিচারক বলেন, ‘অভিযুক্ত ব্যক্তিদের আইনের প্রতি কোনো শ্রদ্ধা নেই। তাঁদের সংশোধন হওয়ার সম্ভাবনা খুবই কম।’
বিচারক আরও বলেন, ‘ধর্ষণের শিকার নারী ও তাঁর পরিবার যে বিভীষিকাময় অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন, এর কোনো ক্ষতিপূরণ নেই।’
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, ধর্ষণের শিকার ওই নারী মুম্বাইয়ের একটি সাময়িকীতে আলোকচিত্র সাংবাদিক হিসেবে কাজ করেন। গত বছরের ২২ আগস্ট ওই নারী সাংবাদিক এক পুরুষ সহকর্মীকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ের শক্তি মিল এলাকায় একটি প্রতিবেদনের কাজে যান। সেখানে তাঁকে ওই তিন আসামিসহ মোট পাঁচজন ধর্ষণ করে। এদের মধ্যে একজন কিশোরও ছিল।
মৃত্যুদণ্ড পাওয়া তিন আসামি এ ঘটনার মাত্র এক মাস আগে জুলাইতে ১৮ বছর বয়সী এক টেলিফোন অপারেটরকেও ওই একই স্থানে গণধর্ষণ করেছিল বলে জানা গেছে।