মুম্বাইয়ে ভবনধসে ৩৯ জনের মৃত্যু
ভারতের মুম্বাই নগরের উপকণ্ঠে শিলফাতা এলাকায় লাকি কম্পাউন্ডের কাছে গত বৃহস্পতিবার সন্ধ্যায় একটি নির্মাণাধীন সাততলা ভবন ধসে নারী ও শিশুসহ অন্তত ৩৯ জন মারা গেছে। এ দুর্ঘটনায় আহত হয়েছে ৬৯ জন। একই সঙ্গে আবাসিক ও বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহূত অবৈধ ভবনটির ধ্বংসস্তূপের নিচ থেকে দুই শিশুসহ ৫০ জনকে উদ্ধার করা হয়েছে।স্থানীয় লোকজনের বরাত দিয়ে টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, ওই ভবনের পাঁচতলা পর্যন্ত বিভিন্ন ফ্ল্যাট আবাসিক হিসেবে ব্যবহূত হয়ে আসছিল। ষষ্ঠ ও সপ্তম তলার নির্মাণকাজ চলছিল।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ভবনটি আকস্মিকভাবে ধসে পড়ে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিস, দুর্যোগ ব্যবস্থাপনা সেল, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতায় অংশ নেন। সারা রাত উদ্ধার তৎপরতা অব্যাহত রাখা হয়। সমাজসেবী মঙ্গল পাতিল জানান, মুম্বাই থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে ওই দুর্ঘটনা ঘটে। ভবনটি অবৈধভাবে নির্মিত হচ্ছিল। এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কাছে দুই দিন আগে একটি অভিযোগ দাখিল করেন তিনি।মৃত ব্যক্তিদের মধ্যে সাতজন নারী ও নয়টি শিশু রয়েছে। ভবনটির বেশির ভাগ বাসিন্দাই ছিলেন শ্রমিক। কাজের খোঁজে বিভিন্ন এলাকা থেকে সেখানে আশ্রয় নেন। স্থানীয় পুলিশ কমিশনার কেপি রঘুবনশি বলেছেন, এ ঘটনায় দুটি নির্মাতা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এর মালিকদের গ্রেপ্তারে অভিযান চলছে। গত ডিসেম্বরে মহারাষ্ট্রের ওয়াহোলি এলাকায় ভবনধসে ১৩ জন মারা যায়। গত সেপ্টেম্বরে মহারাষ্ট্রের পুনে শহরে ভবনধসে প্রাণহানি ঘটে অন্তত ছয়জনের। এএফপি ও টাইমস অব ইন্ডিয়া।